ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৩:০৩
ঘুষের অভিযোগে কানুনগোর বিরুদ্ধে বিভাগীয় মামলা, ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের পুনরায় চিঠি
বাগেরহাটের রামপাল উপজেলা ভূমি অফিসের আলোচিত কানুনগো আবুল বশারের বিরুদ্ধে অবশেষে বিভাগীয় মামলা রুজু হয়েছে। নামজারি মামলার প্রতিবেদন দেওয়ার নামে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে ভূমি মন্ত্রণালয়ের এ পদক্ষেপের পরও একই দপ্তরে তাঁর কর্মরত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। সুশীল সমাজ ও ভুক্তভোগী সেবাপ্রত্যাশীদের দাবি, বিভাগীয় মামলা রুজুর মধ্যেই যেন প্রশাসনিক পদক্ষেপ সীমাবদ্ধ না থাকে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত কানুনগোকে দ্রুত বদলি এবং বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক।
উল্লেখ্য, রামপাল উপজেলা ভূমি অফিসের কানুনগো আবুল বশারের বিরুদ্ধে ঘুষ-বাণিজ্যের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে একাধিক সংবাদ প্রকাশিত হওয়ার পরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নজরে আসার পর বিষয়টি নিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়।
পরবর্তীতে কানুনগো আবুল বশারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে গত ২২ নভেম্বর ৮৫৫ নম্বর স্মারকে বিভাগীয় কমিশনার বরাবর পুনরায় চিঠি দিয়েছেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।
চিঠিতে রামপাল উপজেলা ভূমি অফিসের কানুনগোর বিরুদ্ধে অর্থ গ্রহণের অভিযোগে রুজুকৃত বিভাগীয় মামলা এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে অবহিত করা হয়েছে।
চিঠিতে আরো উল্লেখ করা হয়, রামপাল উপজেলা ভূমি অফিসের কানুনগো মো. আবুল বশারের বিরুদ্ধে নামজারি মামলার প্রতিবেদন দেওয়ার জন্য সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ গ্রহণের অভিযোগে ভূমি মন্ত্রণালয় গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিভাগীয় মামলা রুজু করেছে। মামলার নম্বর ১৭/২০২৬। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তির কাছে কারণ দর্শানোর নোটিশও জারি করেছে ভূমি মন্ত্রণালয়।
এ ছাড়া অভিযোগ-সংশ্লিষ্ট ভিডিও ক্লিপ সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব সংবাদ ও ভিডিও ক্লিপ নিয়ে সেবাগ্রহীতা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এতে প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
চিঠির শেষাংশে বিষয়টি বিভাগীয় কমিশনারের সদয় অবগতি এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
এদিকে সচেতন মহলের দাবি, একজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগের সত্যতা পাওয়ার পরও কীভাবে তিনি একই দপ্তরে বহাল রয়েছেন, তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এতে সরকারের ভাবমূর্তি এবং প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদেরম নিয়েও নেতিবাচক আলোচনা তৈরি হচ্ছে। রামপাল উপজেলা ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত করতে অভিযুক্ত কানুনগো আবুল বশারকে দ্রুত অন্যত্র বদলিসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন তারা।
ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সচেতন মহলের কয়েকজন বলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রীর বাড়ি রামপালে। অথচ তাঁর নিজ এলাকায় দীর্ঘদিন ধরে এমন ঘুষ-বাণিজ্যের অভিযোগ ও আলোচনা চলতে থাকায় রামপালের পাশাপাশি প্রশাসনের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছে। তাই বিষয়টির দ্রুত নিষ্পত্তি এবং দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।