আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:৪৬:০৩
ভারতীয় যুদ্ধজাহাজকে পাকিস্তানি জাহাজের ধাক্কা, নয়াদিল্লির প্রতিবাদ
আরব সাগরের আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজের সঙ্গে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি। খবর এনডিটিভির।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌ ইউনিটের ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার আচরণের’ কারণে সংঘর্ষের ঘটনা ঘটায় তীব্র প্রতিবাদ জানাতে পাকিস্তানি কূটনীতিক সাদ আহমেদ ওয়ারাইচকে ডেকে পাঠানো হয়েছিল।
এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে মন্ত্রণালয় উল্লেখ করেছে, পাকিস্তানি নৌ বাহিনীর এই আচরণ সামরিক মহড়া, কসরত ও সৈন্য চলাচল সংক্রান্ত ভারত ও পাকিস্তানের মধ্যকার ১৯৯১ সালে সম্পাদিত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি পরিপন্থি।
ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সমস্ত সামরিক ইউনিটকে যথাযথ সতর্কতা অবলম্বন এবং দুই পক্ষের মধ্যকার প্রাসঙ্গিক চুক্তির বিধানগুলোকে সম্মান জানানোর প্রয়োজনীয়তার বিষয়ে পাকিস্তানি কর্তৃপক্ষকে জানাতে দেশটির চার্জ দ্য অ্যাফেয়ার্সকে পরামর্শ দেওয়া হয়েছে। পাকিস্তানি ওই কূটনীতিককে ভারতের এই বার্তা পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, ইসলামাবাদে ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একই ধরনের প্রতিবাদ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি কূটনীতিককে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে তলব করা হয় এবং সেখানে তিনি প্রায় ৩০ মিনিট অবস্থান করেন।
সংঘর্ষ সম্পর্কে যা জানা গেছে
ভারতীয় সূত্রের তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় এই ঘটনা ঘটে । সে সময় উত্তর আরব সাগরে নিয়মিত নজরদারি অভিযানে থাকা ভারতের একটি নৌ-যুদ্ধজাহাজের কাছাকাছি চলে আসে একটি পাকিস্তানি জাহাজ। তারা জানায়, ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি যুদ্ধজাহাজটি ভারতীয় জাহাজকে ঘেঁষে দ্রুত গতিতে পার হয়ে যায়।
সূত্রটি আরও জানায়, পাকিস্তানি জাহাজটি প্রচণ্ড গতিতে এসে অপেশাদার ও ঝুঁকিপূর্ণভাবে কসরত করতে শুরু করে, যা সংঘর্ষের রূপ নেয়। তবে এ ঘটনায় কোনো বড় ক্ষতির খবর পাওয়া যায়নি।
ঘটনায় জড়িত নির্দিষ্ট জাহাজগুলোকে এখনো শনাক্ত করা না গেলেও সূত্রগুলো বলছে, এটি ছিল পাকিস্তানি ‘হুনাইন-ক্লাস করভেট’ যা ভারতের একটি অগ্রবর্তী যুদ্ধজাহাজের সঙ্গে ধাক্কা খায়।
সূত্রগুলো জানিয়েছে, ঘটনার সময় সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল এবং পরে দুটি জাহাজই দূরে সরে যায়। তারা আরও জানায়, উত্তাল সমুদ্রে কীভাবে গতি নিয়ন্ত্রণ করতে হয় তা না জেনে পাকিস্তানি নৌবাহিনী আক্রমণাত্মক, ভীতিকর ও অপেশাদার আচরণ করেছিল।
এটি এ ধরনের দ্বিতীয় ঘটনা। এর আগে ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর ‘বাবর’ এবং ভারতের ‘আইএনএস গোদাবরী’ একই ধরনের ঘটনায় জড়িয়ে পড়েছিল।