নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩১:১৪
ইরানে বাস দুর্ঘটনায় প্রাণ গেল ১২ জনের
ইরানের পশ্চিমাঞ্চলে একটি বাস উল্টে গিয়ে ১২ জন নিহত হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরএনএ’র খবরে বলা হয়েছে, এ ঘটনায় আহত হয়েছে আরও ১৬ জন।
আহতদের চিকিৎসার জন্য দেশাটির ইলাম, দেহলোরান, দেজফুল এবং আবদানানের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার গভীর রাতে ইরাক সীমান্তের কাছে আবদানান ও দেহলোরানের মধ্যবর্তী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। স্থানীয় এক কর্মকর্তার বরাতে ইরনা জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী ওই বাসটি উল্টে এ হতাহতের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
আবদানান কাউন্টির গভর্নর বেহজাদ নুরমোহাম্মাদি জানান, ৩২ সদস্যের ১২টি উদ্ধারকারী দলকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ছয়টি অ্যাম্বুলেন্স ছাড়াও ছয়টি সহায়তা ও উদ্ধারকারী যান মোতায়েন করা হয়েছে।