আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:১৯:২৩
স্বর্ণের বাজারে ধাক্কা, বড় দরপতন
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চলতি মাসেই সুদের হার বাড়াতে পারে, এমন সম্ভাবনা দেখা যাওয়ায় স্বর্ণের দাম কমে গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সুদবিহীন মূল্যবান ধাতুটির দাম কমে যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
শুক্রবার দিনের শুরুতে মার্কিন স্পট গোল্ডের দাম ১ দশমিক ১ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্সের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ৪২২ দশমিক ৯১ ডলার। এতে স্পট গোল্ডের দাম সাপ্তাহিক পতনের দিকে সামান্য এগিয়েছে। এ তথ্য প্রকাশের পর স্বর্ণের বারের দাম ২ শতাংশের বেশি কমে দিনের সর্বনিম্ন দর প্রতি আউন্স ৪ হাজার ৩৬৪ দশমিক ৯৯ ডলারে পৌঁছায়।
ডিসেম্বরে সরবরাহের জন্য মার্কিন গোল্ড ফিউচারের মূল্য ১ দশমিক ৫ শতাংশ কমেছে। এতে প্রতি আউন্সের দাম ৪ হাজার ৪৬৯ দশমিক ৮০ ডলারে নেমে এসেছে।
আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান প্রবৃদ্ধি ব্যাপকভাবে ত্বরান্বিত হয়েছে, অন্যদিকে বেকারত্বের হার ৪.১ শতাংশে অপরিবর্তিত ছিল। এতে মার্কিন শ্রম বাজার স্থিতিশীল বলে ইঙ্গিত পাওয়া যায় এবং চলতি ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে সুদের হার বৃদ্ধির সম্ভাবনাটি আলোচনার উঠে এসেছে।
স্বাধীন বাজার বিশ্লেষক তাই ওং বলেন, একটি বিশাল খবরের শিরোনাম এবং সামগ্রিকভাবে একটি শক্তিশালী প্রতিবেদন আসায় স্বর্ণের দাম মারাত্মকভাবে হোঁচট খেয়েছে। ভোক্তা মূল্য সূচক (সিপিআই) প্রতিবেদন যদি দুর্বল না হয়, তাহলে সেপ্টেম্বরে সুদের হার বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি।
অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৭৯ ডলারে, প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ৮১১ দশমিক ৮৩ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ দশমিক ৭৫ ডলারে নেমে এসেছে। এ তিনটি ধাতুই সাপ্তাহিক দরপতনের দিকে রয়েছে।