নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১১:২২:২০
আবার কমেছে সোনার দাম
দেশের বাজারে আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আরও কমেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরিতে দুই হাজার ২১৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দামও কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।
নতুন দর অনুযায়ী, আজ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা। এর আগে গতকাল সোমবার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ৩০ হাজার ৭৭২ টাকা, ২১ ক্যারেট দুই লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেট এক লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ এক লাখ ৫৪ হাজার ২৫৬ টাকায় বিক্রি হয়।
বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে এই নতুন দাম কার্যকর থাকবে। গয়নার ডিজাইন অনুযায়ী অতিরিক্ত মজুরি প্রযোজ্য হবে। স্বর্ণালংকারের নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।