নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬ সকাল ১১:৫৯:৫৬
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
দেশের বাজারে আরেক দফা স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই এ দাম কার্যকর হয়েছে।
বাজুস জানায়, একই দিন সকাল ৯টায় সংগঠনটির মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে, সবশেষ গত ২৭ নভেম্বর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। সেদিন ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৩ হাজার ২৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৩৩ হাজার ২৮ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল গত ২৬ নভেম্বর সকাল ১০টা থেকে।
স্বর্ণের দাম বাড়ানো হলেও দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ১ হাজার ৯২৫ টাকায় বেচাকেনা হচ্ছে।
গয়না কেনাবেচার ক্ষেত্রেও কয়েকটি নির্দেশনা দিয়েছে বাজুস। সংস্থাটির বিজ্ঞপ্তি অনুযায়ী, অলংকারের নকশা ও ধরন অনুসারে মজুরি দিতে হবে। নির্ধারিত সোনার দামের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে অতিরিক্ত ভ্যাট আদায় করা যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দেওয়ার নিয়ম থাকবে। এসব লেনদেনে পৃথকভাবে ভ্যাট কাটা যাবে না। পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন দাম ও নির্দেশনা কার্যকর থাকবে।