শামীম আহমেদ মতলব (চাঁদপুর) প্রতিনিধি:
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬ রাত ১০:৩৭:১৯
মতলব উত্তরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মোহনপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ মিছিলটি দশানী মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে টেয়াক্কারপুল বাজারসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে টরকি হাসপাতালের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক নুরুজ্জামান নিপু, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল হাওলাদার, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলম তফাদার, ছাত্রদল নেতা দীপু হাওলাদার প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। দেশের শান্তি, স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তারা। মিছিল ও সমাবেশে ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।