রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৩:৪৮
বগুড়ার আদালতে তানভীরের ফোন ফেরতের আবেদন নামঞ্জুর, হাজিরা নিয়ে সিদ্ধান্ত ৮ ডিসেম্বর
বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গাজী সালাউদ্দিন তানভীরের জব্দ করা মুঠোফোন ফেরত চেয়ে করা আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে গুরুতর শারীরিক অসুস্থতার কারণে আইনজীবীর মাধ্যমে আদালতে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে করা আবেদনের শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তানভীরের আইনজীবী অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী।
আইনজীবী জানান, জব্দ করা মুঠোফোনে তানভীরের ব্যক্তিগত ও ব্যবসায়িক বিভিন্ন হিসাব-নিকাশসহ গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ফোনটি ফেরত চেয়ে আদালতে আবেদন করা হলেও বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আবেদনটি নামঞ্জুর করেন।
তিনি আরও জানান, তানভীর দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। তার শরীরের নিচের অংশ প্যারালাইজড হয়ে যাওয়ায় আদালতে সশরীরে হাজিরা দেওয়া কঠিন হয়ে পড়েছে। চিকিৎসার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরা দেওয়ার অনুমতি চেয়ে দ্বিতীয় আবেদন করা হয়েছে। আদালত আবেদনটির ওপর শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন। সেদিন শুনানি শেষে এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন আদালত।
আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গাজী সালাউদ্দিন তানভীর। তিনি জানান, তার শারীরিক অবস্থার আগের তুলনায় উল্লেখযোগ্য কোনো উন্নতি হয়নি। কোমর থেকে পা পর্যন্ত অনুভূতি কমে গেছে। হাঁটাচলা করতেও বেশ কষ্ট হচ্ছে। ঢাকায় নিয়মিত দিনে দুই থেকে তিন বেলা ফিজিওথেরাপি নিচ্ছেন। তবে ইন্টারনাল লিগামেন্ট ও নিউরনের সমস্যার কারণে চিকিৎসায় আশানুরূপ উন্নতি হচ্ছে না। চিকিৎসকেরা তাকে বিদেশে চিকিৎসা নেওয়ার পরামর্শ দিয়েছেন। সে কারণে শিগগিরই দেশের বাইরে যেতে হতে পারে বলেও জানান তিনি।
জব্দ করা মুঠোফোন ফেরতের আবেদন নামঞ্জুর হওয়ার বিষয়ে তানভীর বলেন, এটি তার মৌলিক অধিকারের লঙ্ঘন। ফোনে থাকা পরিচিতজনদের যোগাযোগ নম্বর না পাওয়ায় রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ রক্ষায় সমস্যার মুখে পড়তে হচ্ছে। মামলাটিকে মিথ্যা দাবি করে তিনি বলেন, অতীতের মতো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার চর্চা তিনি চান না। তিনি মামলার পূর্ণাঙ্গ নিষ্পত্তি প্রত্যাশা করেন।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গাজী সালাউদ্দিন তানভীরকে গ্রেপ্তার করে। ওই দিনই তাকে বগুড়ার আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কারাগারে থাকা অবস্থায় ১৫ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে জানিয়েছে আসামিপক্ষ। পাশাপাশি প্যানিক ডিজঅর্ডার, তীব্র মাথাব্যথা ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসের জটিলতায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চিকিৎসার জন্য তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তী সময়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
পরবর্তী সময়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট বিভাগ তার এক বছরের জামিন মঞ্জুর করেন। ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তানভীর। এরপর থেকে তিনি ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এর আগে গত ৪ অক্টোবরও ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিতে এসেছিলেন তিনি।
এদিকে জব্দ করা মুঠোফোন ফেরত না পাওয়ায় ব্যক্তিগত ও ব্যবসায়িক কার্যক্রমে সমস্যার কথা জানিয়েছেন তানভীর। অন্যদিকে শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত আদালতে উপস্থিত হতে না পারার বিষয়টি বিবেচনায় নিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার অনুমতি চেয়ে করা আবেদন এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায়। আগামী ৮ ডিসেম্বরের শুনানিতে এ বিষয়ে পরবর্তী অবস্থান স্পষ্ট হবে।