ওমর ফারুক সোহাগ, কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬ রাত ০৭:৩৯:৩৭
চকরিয়ায় দুর্ধর্ষ ডাকাত তৌহিদ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত মোটরসাইকেল ও স্বর্ণালংকার
কক্সবাজারের চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত দলের কথিত সর্দার তৌহিদুল ইসলাম প্রকাশ তৌহিদ ডাকাতকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রসুলাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল, ডাকাতির ঘটনায় লুণ্ঠিত একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল এবং তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তার তৌহিদ চকরিয়ার বহুল আলোচিত গিয়াস উদ্দিন অপহরণ ও হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি। তার বিরুদ্ধে কক্সবাজার, চট্টগ্রাম ও বান্দরবানসহ বিভিন্ন জেলার থানায় হত্যা, অপহরণ, ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে ২৫টিরও বেশি মামলা রয়েছে। এছাড়া চকরিয়া থানায় তার বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা মুলতবি ছিল।
কক্সবাজার জেলা পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আবদুল আজিজের তত্ত্বাবধানে এবং চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমানের নেতৃত্বে চকরিয়া থানা, রামু থানা ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বয়ে গঠিত যৌথ দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গত ১২ নভেম্বর রাত সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ঈদমনি উত্তরপাড়ায় একটি বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা জানালার গ্রিল কেটে ও দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে মারধর ও প্রাণনাশের হুমকি দিয়ে ১৭ ভরি স্বর্ণালংকার, দুটি স্মার্টফোন, তিনটি ইমিটেশনের চেইনসহ বিভিন্ন মালামাল এবং একটি ইয়ামাহা এফজেডএস মোটরসাইকেল লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় ভুক্তভোগী পারভেজ মোশাররফ বাদী হয়ে তৌহিদসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৬-৭ জনকে আসামি করে চকরিয়া থানায় মামলা করেন। মামলাটি ২৫ নভেম্বর দায়ের করা হয়।
এর আগে ১২ নভেম্বর রাত আড়াইটার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতার বিল এলাকায় আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা বাড়ির বেলকনির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে অস্ত্র, ধারালো দা, হাতুড়ি ও বৈদ্যুতিক শক মেশিনের ভয় দেখিয়ে পরিবারের সদস্যদের জিম্মি ও মারধর করে। পরে তিনটি মোবাইল ফোন, নগদ ৩ লাখ ৫ হাজার টাকা এবং প্রায় ১৩ ভরি স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৩১ লাখ ২০ হাজার টাকা, লুট করে নিয়ে যায়। এ ঘটনায় আলী আকবর (৫৯) বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন।
এদিকে চকরিয়ার আলোচিত গিয়াস উদ্দিন (৪৫) অপহরণ ও হত্যা মামলাতেও তৌহিদ প্রধান আসামি বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মাতামুহুরী সেতুর ওপর গিয়াস উদ্দিনকে একটি গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। পরে তাকে মারধর করে মাথায় আঘাত করা হয় এবং জোরপূর্বক গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে তার মরদেহ মাতামুহুরী সেতুর ওপর পাওয়া যায়। এ ঘটনায় নিহতের স্ত্রী জন্নাতুল নাঈম আফসানা বাদী হয়ে তৌহিদসহ অন্যদের বিরুদ্ধে মামলা করেন।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, তৌহিদের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল সক্রিয় রয়েছে। তার ছোট ভাই জাহেদুল ইসলাম প্রকাশ জাহেদ ডাকাতও এ অপরাধী চক্রের সঙ্গে জড়িত বলে তথ্য পেয়েছে পুলিশ। এছাড়া কুখ্যাত ডাকাত নবী হোসেন প্রকাশ নইব্যা চোরাসহ আরও কয়েকজন তার সহযোগী হিসেবে কাজ করতেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
পুলিশের দাবি, ডাকাতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তৌহিদ ও তার সহযোগীরা বিভিন্ন স্থানে সম্পদ গড়ে তুলেছেন। চকরিয়ার কাকারা ইউনিয়নের উত্তর লোটনী এলাকায় তিনতলা বাড়ি এবং বান্দরবানের লামা উপজেলার ফাইতং এলাকায় বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি থাকার তথ্য পাওয়া গেছে। চকরিয়া, কক্সবাজার সদর ও চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্যারটেক এলাকায় নিজের, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে গড়ে তোলা সম্পদের বিষয়েও অনুসন্ধান চলছে।
চকরিয়া থানার পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, আধুনিক তথ্যপ্রযুক্তি এবং গোপন তথ্যের ভিত্তিতে দীর্ঘদিন ধরে তৌহিদ ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছিল। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ কর্মকাণ্ড ও সহযোগীদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, জননিরাপত্তা বিঘ্নকারী সংঘবদ্ধ ডাকাত দল ও অপরাধীদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।