নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩৭:০৮
নরসিংদীতে অবৈধ মাটি উত্তোলনের দায়ে ৩ লাখ টাকা জরিমানা, যন্ত্রপাতি জব্দ
নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার পরিচালিত এ অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী একজন ব্যক্তিকে দোষী সাব্যস্ত করা হয়। অবৈধভাবে মাটি উত্তোলনের অপরাধে আইনের ৪(খ) ধারায় অপরাধ সংঘটন এবং ১৫(১) ধারায় শাস্তি প্রদান করে তাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে ঘটনাস্থলে অবৈধ মাটি উত্তোলনের কাজে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করে অচল করে দেওয়া হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সিন্থিয়া হোসেন, সহকারী কমিশনার (ভূমি), নরসিংদী সদর। এসময় জেলা পুলিশ, নরসিংদী সার্বিক সহযোগিতা প্রদান করে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং অবৈধ মাটি উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।