হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২৭:৪২
কর্মকর্তা সংকটে বিপর্যস্ত হাতিয়ার প্রশাসন, শূন্য ইউএনও-এসিল্যান্ডসহ গুরুত্বপূর্ণ পদ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় একের পর এক গুরুত্বপূর্ণ সরকারি পদ শূন্য হয়ে পড়ায় প্রশাসনিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), মৎস্য ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ পদে কর্মকর্তা না থাকায় ব্যাহত হচ্ছে সরকারি সেবা। ঘন ঘন বদলি, প্রশিক্ষণ ও পদোন্নতির কারণে তৈরি হওয়া এ সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদটি প্রায় পাঁচ মাস ধরে শূন্য রয়েছে। এর মধ্যে গত সোমবার বদলি হয়ে দায়িত্ব ছেড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ফলে গুরুত্বপূর্ণ দুটি প্রশাসনিক পদে একসঙ্গে শূন্যতা তৈরি হয়েছে। শুধু প্রশাসন কিংবা ভূমি অফিস নয়, শিক্ষা, মৎস্য, কৃষি ও স্বাস্থ্য খাতেও রয়েছে জনবল সংকট। কোনো কোনো দপ্তরে অন্য উপজেলার কর্মকর্তাদের অতিরিক্ত দায়িত্ব দিয়ে কার্যক্রম চালানো হচ্ছে।
উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে জানা গেছে, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ পদগুলোতে কর্মকর্তা না থাকায় দাপ্তরিক সিদ্ধান্ত গ্রহণ, নথিপত্র নিষ্পত্তি, উন্নয়ন প্রকল্পের তদারকি এবং মাঠপর্যায়ের কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। বিশেষ করে মেঘনা নদীর ওপারে সুবর্ণচর উপজেলার কর্মকর্তাদের হাতিয়ার অতিরিক্ত দায়িত্ব দেওয়ায় দুই উপজেলার দায়িত্ব সামলাতে হিমশিম খেতে হচ্ছে তাঁদের।
উপজেলা পরিষদ সূত্রে জানা যায়, বর্তমানে হাতিয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা মৎস্য কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, দুজন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, দুটি সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও আইসিটি কর্মকর্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটও রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ২০২৩ সাল থেকেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার পদটি শূন্য। ২০২৫ সালের ২৯ অক্টোবর থেকে উপজেলা মৎস্য কর্মকর্তার পদে কোনো স্থায়ী কর্মকর্তা নেই। চলতি বছরের জুলাই মাসে সহকারী কমিশনার (ভূমি) বদলি হয়ে চলে যাওয়ার পর পদটি আর পূরণ হয়নি। সর্বশেষ গত সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তাও বদলি হয়ে দায়িত্ব ছেড়েছেন।
এর আগে গত ৪ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সংস্থাপন শাখার এক প্রজ্ঞাপনে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবু দাশকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পদায়ন করা হয়। তবে বিশেষ প্রশিক্ষণে থাকায় তিনি এখনো নতুন কর্মস্থলে যোগদান করতে পারেননি। আগামী সপ্তাহে যোগদান করতে পারেন বলে জানিয়েছেন ইউএনও কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা।
অন্যদিকে, ভূমি প্রশাসনেও দীর্ঘদিন ধরে চলছে অচলাবস্থা। ভূমি অফিস সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুতে সহকারী কমিশনার (ভূমি) পদে একজন কর্মকর্তা যোগদান করেন। কিন্তু যোগদানের কিছুদিন পরই প্রশিক্ষণে চলে যান তিনি। প্রশিক্ষণ শেষে প্রায় দেড় মাস দায়িত্ব পালনের পর গত ৯ জুলাই পদোন্নতি পেয়ে অন্যত্র বদলি হন। এরপর থেকে পদটি শূন্য রয়েছে।
এ অবস্থায় ভূমিসেবা নিতে আসা মানুষকে নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। জমির নামজারি, মিস কেসের শুনানি এবং অন্যান্য ভূমিসংক্রান্ত কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকছে। একই সঙ্গে প্রশাসনিক শূন্যতার প্রভাব পড়েছে নাগরিক সেবা কার্যক্রমেও। জন্ম ও মৃত্যুনিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ সেবা পেতেও কোথাও কোথাও একাধিকবার সরকারি দপ্তরে যেতে হচ্ছে মানুষকে।
হাতিয়া পৌরসভার বাসিন্দা লাইলা বেগম বলেন, ছেলের জন্মনিবন্ধন করাতে তাঁকে কয়েকবার পৌরসভা কার্যালয়ে যেতে হয়েছে। পরে প্রশাসক না থাকায় পৌরসভার উপসহকারী প্রকৌশলীর মাধ্যমে নিবন্ধনের কাজ সম্পন্ন করতে হয়েছে।
শিক্ষা খাতের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। হাতিয়ার একমাত্র সরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হাতিয়া দ্বীপ সরকারি কলেজ এক বছরের বেশি সময় ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ ছাড়াই পরিচালিত হচ্ছে। পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগে শিক্ষকসংকট রয়েছে।
চরঈশ্বর রায় এলাকার শিক্ষক তপন সরকার বলেন, ‘হাতিয়া দ্বীপ সরকারি কলেজে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নেই। বিভিন্ন বিভাগেও একাধিক পদ শূন্য রয়েছে। এতে কলেজের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। প্রতি বছর কলেজটির এইচএসসি ও ডিগ্রি পরীক্ষার ফলাফলও নিম্নমুখী হচ্ছে।’
ভূমি অফিসের কার্যক্রমে দীর্ঘসূত্রতার কথা তুলে ধরে হাতিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাখাওয়াত হোসেন বলেন, ‘গত দুই বছর ধরে আমার জমির নামজারি-সংক্রান্ত মিস কেসের শুনানি হচ্ছে না। নতুন এসিল্যান্ড যোগদান করেই প্রশিক্ষণে চলে যান। পরে ফিরে এসে আবার পদোন্নতি পেয়ে বদলি হয়ে যান। এভাবে বারবার কর্মকর্তা পরিবর্তনের কারণে আমার শুনানি পিছিয়ে যাচ্ছে।
স্থানীয় সচেতন মহলের মতে, হাতিয়ার মতো ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও জনবহুল উপজেলায় দায়িত্ব পালনের জন্য অভিজ্ঞ এবং পূর্ণকালীন কর্মকর্তা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু এখানে নতুন কর্মকর্তাদের পদায়নের পরপরই প্রশিক্ষণ কিংবা বদলির কারণে প্রশাসনিক ধারাবাহিকতা ব্যাহত হচ্ছে। এতে গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরগুলো কার্যত নির্ভরশীল হয়ে পড়ছে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ওপর।
প্রায় ২ হাজার ১০০ বর্গকিলোমিটারের বেশি আয়তনের হাতিয়ায় সাড়ে ছয় লাখেরও বেশি মানুষের বসবাস। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এ দ্বীপ উপজেলায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় ভৌগোলিক প্রতিবন্ধকতাও রয়েছে। মেঘনা নদীবেষ্টিত এ জনপদে এক দপ্তরের সেবা নিতে অনেক দূর থেকে মানুষকে উপজেলা সদরে আসতে হয়। সেখানে কর্মকর্তা না থাকলে কিংবা দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়ে যায়।
স্থানীয়দের প্রশ্ন, এত বিপুল জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করার দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ পদগুলো কেন দীর্ঘদিন শূন্য থাকবে? কর্মকর্তাদের ঘন ঘন বদলি ও প্রশিক্ষণের কারণে হাতিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ দ্বীপ উপজেলা কি প্রশাসনিক পরীক্ষাগারে পরিণত হচ্ছে?
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুহাম্মদ আব্দুস সালামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, হাতিয়া উপজেলার প্রশাসনিক ও দাপ্তরিক শূন্য পদগুলোর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।