আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:১৯:৩৪
নিরাপত্তা শঙ্কায় সৌদি আরবে ফ্লাইট স্থগিতের সময় বাড়ল
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে সৌদি আরবে ফ্লাইট স্থগিতের মেয়াদ আরও বাড়িয়েছে বেশ কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইনস। খবর আলজাজিরার।
গতকাল বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় বিমান সংস্থা আকাশ এয়ার ঘোষণা করেছে, চলমান নিরাপত্তা উদ্বেগের কারণে রিয়াদ ও জেদ্দায় তাদের সব ধরনের ফ্লাইট আগামী ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত থাকবে।
অন্যদিকে ভারতের আরেকটি এয়ারলাইনস ইন্ডিগো রিয়াদ ও দাম্মামে তাদের ফ্লাইট স্থগিতের মেয়াদ ৩০ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে। এ ছাড়া জেদ্দা ও মদিনায় সংস্থাটির ফ্লাইট আগামী ২১ নভেম্বর পর্যন্ত বাতিল থাকবে। এয়ার ইন্ডিয়া ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসও আগামী ১৪ নভেম্বর পর্যন্ত রিয়াদ, জেদ্দা ও দাম্মামে তাদের ফ্লাইট স্থগিত রেখেছে।
ইউরোপীয় বিমান সংস্থাগুলো আরও দীর্ঘ সময়ের জন্য ফ্লাইট স্থগিতের ঘোষণা দিয়েছে। ডাচ এয়ারলাইনস কেএলএম আগামী ২৭ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে তাদের পরিষেবা বাতিল করেছে। আর ব্রিটিশ এয়ারওয়েজ ২০২৭ সালের ১১ জানুয়ারি পর্যন্ত তাদের লন্ডন-রিয়াদ রুটে ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত স্থগিত করেছে।
মধ্যপ্রাচ্যের এয়ারলাইনসগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ আগামী ১৯ নভেম্বর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে ফ্লাইট স্থগিত করেছে। পাশাপাশি ওমানের সালামএয়ারও আগামী ৩০ নভেম্বর পর্যন্ত ওই দুটি শহরে তাদের ফ্লাইট চলাচল বাতিল ঘোষণা করেছে।
সম্প্রতি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের একের পর এক হামলার পর আন্তর্জাতিক বিমান চলাচলে এই অচলাবস্থার সৃষ্টি হলো।