কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ সকাল ১০:৫৯:০৯
গাজীপুর শিল্প অঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ৮ পেট্রোল এস আরবি ও ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন
গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), ৮ পেট্রোল এস আর বি ও ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানাযায়, শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা জোরদার শ্রমিক অসন্তোষ নিরসন উৎপাদন কার্যক্রম নির্বিঘ্ন রাখতেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মোতায়েনকৃত বিজিবি ও আনসার সদস্যরা গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুর, চন্দ্রা পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন শিল্পাঞ্চল এলাকায় টহল দিচ্ছেন।
এছাড়াও যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এস আর বি, শিল্প পুলিশ, মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের সদস্যরাও সমন্বয় করে কাজ করছেন।
বর্তমানে সংশ্লিষ্ট এলাকাযর শিল্প কারখানাগুলোর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুরে ১৭ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে একটি সূত্রে বলছে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ী ও কাশিমপুরে ৩১ টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোঃ নাজমুস সাকিব জানান,গাজীপুর শিল্প অঞ্চল এলাকায় অন্যান্য বাহিনীর পাশাপাশি ৬ প্লাটুন ব্যাটালিয়ন আনসার সদস্য কাজ করছেন।
গাজীপুর ৬৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান (পিএসসি) জানানা,গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।