কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ দুপুর ০১:০৫:০২
গাজীপুরে ১০ মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ সংগঠন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলীমকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) রাতে গাজীপুর জেলা শহরের রেলগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গাজীপুর মহানগর ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল আলীমকে গ্রেফতার করা হয়েছে। কালিয়াকৈরে চন্দ্রা ও সফিপুর এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। শ্রমিকের ছদ্মবেশে ভাঙচুর ও সড়ক অবরোধ এসব কর্মকাণ্ডে আব্দুল আলীমের সম্পৃক্ততা থাকতে পারে বলে পুলিশের সন্দেহ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানা গেছে।
গাজীপুর মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি-ডিবি) অশোক কুমার পাল জানান, সাবেক চেয়ারম্যান আব্দুল আলীমের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ সহ বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে। রোববার রাতে তাকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, গত শনিবার গার্মেন্টস শ্রমিক পরিচয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ভাঙচুর চালিয়েছে। ওই ঘটনার পর পুলিশ ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে।