গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ১০:১৪:৩৬
গোপালগঞ্জে আরেক এমপির বাড়িতে আগুন, ভবনে আছে হাসপাতাল
গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের গোপালগঞ্জ শহরের বাসায় অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে থানার পার্শ্ববর্তী সংসদ সদস্যের বাড়ির সামনের গেটে প্রথমে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ সময় বাইরে থেকে ইট পাটকেল এবং লাঠিসোঁটা দিয়ে বাড়ির জানালার গ্লাস ভাঙচুর করা হয়। তারা একপর্যায়ে তার বাড়ির ভেতরে ঢুকে তার ব্যক্তিগত অফিস ভাঙচুর করে।
এমপির বাসার ওপরে আরাফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থাকায় সেখানে ভর্তি রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেক গর্ভবতী নারী এবং সদ্য সিজার করা মায়েরাসহ নবজাতক সন্তান এবং অন্য রোগী ও তাদের আত্মীয়-স্বজনরা দ্রুত ক্লিনিক ত্যাগ করতে থাকেন।
বর্তমানে এখানকার পরিবেশ স্বাভাবিক হতে শুরু করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।