রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ রাত ০৬:২৯:৪৭
নিষিদ্ধ আ’লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বগুড়ায় যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় গিয়ে সমাবেশে মিলিত হয়। এর আগে দুপুর ২টার পর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা হাসপাতাল মাঠে জড়ো হন।
জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সিটি প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সিনিয়র সহসভাপতি আতাউর রহমান শম্ভু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সোহাগ, সদর উপজেলা যুবদলের সভাপতি অতুল চন্দ্র দাস ও সহসভাপতি ইমরান হোসেনসহ ২৫টি ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিবাদী শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
তারা আরও বলেন, দেশের স্বার্থ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যেকোনো অপতৎপরতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে।