টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:২৪:২১
টুঙ্গিপাড়ায় বিষ খাইয়ে নববধূকে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক নির্যাতন ও বিষ খাইয়ে নুসরাত হোসেন সানজিদা ওরফে তন্নী (১৮) নামের এক নববধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূ মারা যান।
নিহতের বাবা জাহাঙ্গীর খান বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জাফর খানের ছেলে আরিফ উল্লাহ খানের প্রেমের সম্পর্ক ছিল। ১৫ দিন আগে ওই যুবক আমার মেয়ের সঙ্গে দেখা করতে এলে গ্রামের লোকজন তাদের বিয়ে দিয়ে দেয়। বিয়ের পর থেকে তারা আমার মেয়েকে শ্বশুরবাড়িতে তুলে নেয়নি। গত রবিবার আমার মেয়ে নিজ ইচ্ছায় শ্বশুরবাড়িতে গিয়ে ওঠে। পরদিন সোমবার সকালে সে আমাদের বাড়িতে এসে জানায়, শ্বশুরবাড়ির লোকজন আমার নামের দুই বিঘা জমি লিখে দিতে বলেছে।’
তিনি আরও বলেন, ‘এরপর আমার মেয়ে আবারও শ্বশুরবাড়িতে চলে যায়। আজ মঙ্গলবার সকালে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন আমার মেয়েকে বিষ খাইয়ে মুমূর্ষু অবস্থায় আমাদের বাড়ির সামনের রাস্তায় ফেলে রেখে যায়। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে তাকে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং বিকেলেই সে মারা যায়। আমার মেয়েকে নির্যাতন করে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’
এ ব্যাপারে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী জানান, বিষয়টি তারা জেনেছেন। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নিহতের মরদেহের ময়নাতদন্ত চলছে।