শাহপরান, কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ রাত ০৭:১৭:০১
`কৃষকরা আমাদের বাঁচিয়ে রেখেছে, তারা যত সুবিধা পাবে ততই মঙ্গল'
ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান বলেছেন, দেশের কৃষকরাই মানুষকে খাদ্য জোগান দিয়ে বাঁচিয়ে রেখেছেন। তাই কৃষকদের যত বেশি সুবিধা দেওয়া যাবে, দেশের জন্য ততই মঙ্গল হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কৃষক কার্ড বিতরণ অনুষ্ঠানের ভার্চুয়াল সম্প্রচার শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল প্রায় সাত কোটি। বর্তমানে জনসংখ্যা বেড়ে প্রায় ২০ কোটি হয়েছে। এত বিপুল মানুষের খাদ্যের জোগান দিতে কৃষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। কৃষকদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যেই কৃষক কার্ড চালু করা হয়েছে।
তিনি বলেন, কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা সার ও বীজসহ বিভিন্ন কৃষি উপকরণ পাবেন। পাশাপাশি ন্যায্য মূল্যে কৃষি উপকরণ পাওয়া এবং ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রে সুবিধা হবে। সব মিলিয়ে কৃষকরা এই কার্ডের মাধ্যমে বিভিন্ন ধরনের সেবা পাবেন।
এর আগে ফেনীতে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে আখাউড়ায় চারজন কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেন অতিথিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, আখাউড়া উপজেলায় মোট ১ হাজার ৮৫১ জন কৃষক কৃষক কার্ড পাবেন। এর মধ্যে ১ হাজার ২৩৮ জন পুরুষ ও ৬১৩ জন নারী। কৃষক কার্ডের সুবিধার অংশ হিসেবে কৃষকদের নিজ নিজ ব্যাংক হিসাবে ২ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানটি উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রচার করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুসাঈদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক ড. মোস্তাফা এমরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ রানা, জেলা বিএনপির সাবেক সহসভাপতি নাছির উদ্দিন হাজারী, সাংগঠনিক সম্পাদক আবুল মনসুর মিশন, সদস্য খন্দকার মো. বিল্লাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ডা. মো. খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান এবং আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ উল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।