রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ রাত ০৬:৫৩:২২
প্রায় ১০০ কোটি টাকার বিদেশি বিনিয়োগে দেশে ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড কারখানা
বাংলাদেশে রাসায়নিক শিল্পে প্রায় ১০০ কোটি টাকার বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ (এফডিআই) আসছে। এ বিনিয়োগের আওতায় দেশে স্থাপন করা হবে আধুনিক প্রযুক্তির ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিড উৎপাদন কারখানা।
বাংলাদেশের শিল্পগোষ্ঠী এসআর গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং চীন, কানাডা ও জার্মানির তিন প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে যৌথ বিনিয়োগ চুক্তি হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চুক্তি অনুযায়ী, চীনের পুয়াং ক্লিনওয়ে কেমিক্যাল লি., কানাডার কিংস প্যাসিফিক এন্টারপ্রাইজেস লি. এবং জার্মানির স্টেনব্যাচ ক্লোরিন জিএমবিএইচ যৌথভাবে প্রকল্পে বিনিয়োগ করবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান এসআর প্যাসিফিক ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লি.
প্রকল্পে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের উৎপাদিত ক্লোরিন কাঁচামাল হিসেবে ব্যবহার করা হবে। কারখানায় উৎপাদিত ট্রাইক্লোরোইসায়ানুরিক এসিডের শতভাগ বিদেশে রপ্তানির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইতোমধ্যে প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে বাণিজ্যিক উৎপাদন ও রপ্তানি শুরু করার লক্ষ্য রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসআর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসিফ রব্বানী এবং পুয়াং কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক শিনকে ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে এসআর গ্রুপের প্রধান কৌশলগত উপদেষ্টা মেহবুব চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টদের মতে, এ যৌথ বিনিয়োগ বাংলাদেশের রাসায়নিক শিল্পে আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি করবে। একই সঙ্গে রাসায়নিক পণ্যের রপ্তানি বহুমুখীকরণ ও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণেও এটি ভূমিকা রাখতে পারে।
স্থানীয় কাঁচামালের ব্যবহার বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং রাসায়নিক পণ্য রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও প্রকল্পটি ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।