রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:২০:৩৪
বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত
বগুড়ার ধুনটে অজ্ঞাতনামা একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলচালক উজ্জল সরকার ও আরোহী শিকর। তাঁরা দুজনই ধুনট উপজেলার বানিয়াজান ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শেরপুর থেকে মোটরসাইকেলযোগে ধুনটের দিকে যাচ্ছিলেন উজ্জল সরকার ও শিকর। পথে মাঠপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ধুনটগামী একটি অজ্ঞাতনামা ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক উজ্জল সরকার ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত শিকরকে স্থানীয়রা উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকেও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ধুনট ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত সিনিয়র স্টেশন অফিসার জহুরুল ইসলাম বলেন, দুপুর ১২টা ৫ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। সেখানে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। মোটরসাইকেলে থাকা অপর আরোহীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যান। পরে তিনিও মারা যান। ফায়ার সার্ভিসের কর্মীরা একজনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।