নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৬ দুপুর ০১:২২:৩৮
গাছায় সরকারি গাড়ি পোড়ানো ও উস্কানি দাতা গ্রেফতার
গাজীপুরের মালেকের বাড়ি এলাকায় শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে সরকারি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলার তদন্তে শনাক্ত হওয়া অন্যতম অভিযুক্ত মোঃ রফিকুল ইসলামকে (২৪) মঙ্গলবার বিকেলে গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ডিসি দক্ষিণ বিভাগের দিকনির্দেশনায় গাছা থানার এসআই মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে এসআই মো. সাইফুল আলমের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম নীলফামারী জেলার জলঢাকা থানার আলুশিয়াপাড়া এলাকার মো. ফজলুল হকের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন সাইনবোর্ড, মেম্বারবাড়ি রোডের শামসুদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদ, সিসিটিভি ও ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, গ্রেপ্তার রফিকুল ইসলাম ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। ফুটেজে তাকে সরকারি গাড়িতে অগ্নিসংযোগ এবং পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায় বলে দাবি পুলিশ।
এ ছাড়া গোয়েন্দা সূত্রে জানা গেছে, অভিযুক্ত রফিকুল ইসলাম সাইনবোর্ড, ভূষিরমিল ও হারিকেন এলাকায় শ্রমিকদের উসকানি দেওয়াসহ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।