রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:১২:৪৮
বগুড়ার ছাত্রলীগ নেতা রঞ্জুর নেতৃত্বে মশাল মিছিলের ভিডিও ভাইরাল, স্থান নিয়ে ধোঁয়াশা
বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ) সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুর নেতৃত্বে রাতের আঁধারে মশাল মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। আগামী ১৯ নভেম্বরের কথিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে এ মিছিল করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে মিছিলটি শাজাহানপুর উপজেলায় অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে স্থানীয় থানা পুলিশ।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের অন্ধকারে একদল নেতাকর্মী হাতে মশাল নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন। মিছিলের সামনের সারিতে শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জুকে নেতৃত্ব দিতে দেখা যায়।
মিছিলকারীদের স্লোগানে শাজাহানপুর উপজেলার নাম উল্লেখ থাকলেও ভিডিওর দৃশ্যপট দেখে মিছিলটি ঠিক কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে ধোঁয়াশা।
এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রাকিবুল ইসলাম রঞ্জুকে দেখা গেছে। তবে মিছিলটি শাজাহানপুর উপজেলা এলাকায় হয়নি। ভিডিওতে দৃশ্যমান সড়কটি এ উপজেলার কোনো সড়ক নয়। ধারণা করা হচ্ছে, উপজেলার বাইরে অন্য কোনো এলাকায় মিছিলটি হয়েছে।
ওসি আরও জানান, রাতের অন্ধকারে ধারণ করা ভিডিও দেখে সড়কটির সুনির্দিষ্ট অবস্থান শনাক্ত করা সম্ভব না হলেও মিছিলটি শাজাহানপুরের বাইরে হয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
উল্লেখ্য, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রেক্ষাপটে রাতের আঁধারে মশাল মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের এমন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।