ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ রাত ০৭:০৮:৪০
রামপালে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সচেতনতা সভা অনুষ্ঠিত
বাগেরহাটের রামপালে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহিংসতা প্রতিরোধ, মানবাধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রামপাল থানায় বাগেরহাট জেলা পুলিশের আয়োজনে এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সহযোগিতায় Prevention and Response to Gender Based Violence Against Women and Girls (PREVAIL) কর্মসূচির আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আবু রাসেল, রামপাল থানার অফিসার ইনচার্জ মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম, জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (UNFPA) খুলনা-বাগেরহাট অঞ্চলের ফিল্ড অফিসার ড. নূর-ই-আলম সিদ্দিকী, গিলাতলা সরকারি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল (এম.এসসি, এম.এড), যুব সংগঠক ও সাইবার নিরাপত্তা বিশ্লেষক মোঃ সোহানুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় নারী ও শিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন, সাইবার হয়রানি এবং বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপত্তাসংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সহিংসতার শিকার ব্যক্তিদের আইনি সুরক্ষা, অভিযোগ জানানোর পদ্ধতি, সামাজিক সহযোগিতা এবং প্রতিরোধমূলক কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধির প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।
এ ছাড়া নারীর প্রতি বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে পারিবারিক মূল্যবোধ, নৈতিক শিক্ষা, সামাজিক দায়বদ্ধতা এবং আইনের যথাযথ প্রয়োগের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং নারী ও শিশুর অধিকার সম্পর্কে সচেতনতা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সহিংসতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, যুব সংগঠন এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তাও আলোচনার অন্যতম বিষয় ছিল।
সামাজিক অপরাধ প্রতিরোধে কেবল আইন প্রয়োগ নয়, বরং জনসচেতনতা সৃষ্টি, পারিবারিক ও সামাজিক প্রতিরোধব্যবস্থা শক্তিশালীকরণ এবং ভুক্তভোগীদের প্রতি মানবিক ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি নিরাপদ, সহিংসতামুক্ত ও মানবিক সমাজ প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনগোষ্ঠীর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক আয়োজন স্থানীয় পর্যায়ে সহিংসতা প্রতিরোধে ইতিবাচক সামাজিক মনোভাব গড়ে তুলতে এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।