ওমর ফারুক সোহাগ,কক্সবাজার প্রতিনিধি:
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৮:৪১
পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার ‘কৃত্রিম বক’ উদ্ধার, শতাধিক ফাঁদ ঘর ধ্বংস
কক্সবাজারের আলোচিত উপজেলা উখিয়ার মাছকারিয়া বিল থেকে পাখি শিকারে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করেছে বনবিভাগ। ওই সময় ধ্বংস করা হয় পাখি শিকারের শতাধিক ফাঁদ ঘর। উদ্ধার করা হয় ফাঁদে আটকে রাখা ৮টি জীবিত বক।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত উপজেলার মাছকারিয়া বিলে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের অধীন উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান।
তিনি জানান, শীতের আগমনে অতিথি পাখির কলকাকলিতে মুখর হয়ে উঠছে উখিয়ার মাছকারিয়া এলাকার শাপলাবিল। বিলটিতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা নানা প্রজাতির পাখির বিচরণে জলাভূমি গুলোতে তৈরি হচ্ছে প্রাণচাঞ্চল্য। কিন্তু প্রকৃতির এই সৌন্দর্যের আড়ালেই সক্রিয় হয়ে উঠেছে মৌসুমি পাখি শিকারিরা।
তার মতে, গত কয়েকদিন ধরে অতিথি পাখির আগমনকে কেন্দ্র করে শিকারিরা বিলের বিভিন্ন স্থানে জাল, কৃত্রিম বক ও ফাঁদ পেতে শিকারের প্রস্তুতি নিচ্ছে বলে খবর পায় বনবিভাগের কর্মীরা। এমন পরিস্থিতিতে সোমবার সকালে পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান চালায় বনবিভাগ।
বন রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান, অভিযানে ঘটনাস্থলে বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে মৌসুমী পাখি শিকারিরা পালিয়ে যায়। পরে বিলটির বিভিন্নস্থানে তল্লাশি চালিয়ে শিকার কাজে ব্যবহৃত ৫ হাজার কৃত্রিম বক ও ৩ হাজার মিটার জাল জব্দ করা হয়। ওই সময় বিলে পেতে রাখা পাখি শিকারের শতাধিক ফাঁদ ঘর ধ্বংস করা হয়। উদ্ধার করা হয় ফাঁদে আটকে রাখা ৮টি জীবিত বক।
জীবিত উদ্ধার করা বক গুলোকে উন্মুক্ত করে দেয়া হয়েছে এবং জব্দ করা কৃত্রিম বক, জাল ও ফাঁদ ঘরগুলো ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।
আব্দুল মান্নান জানান, অতিথি পাখি শিকার বন্ধ এবং জলাভূমির জীববৈচিত্র্য রক্ষায় বন বিভাগের এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।