রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৩২:৪২
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ
বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ায় শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে ৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপি।
রোববার (২২ নভেম্বর) সকাল ১০টায় শহরের খান্দার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নম্বর ওয়ার্ড মহানগর বিএনপির সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী মো. আজিজুল হক মনজু। প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন।
এ সময় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহসাধারণ সম্পাদক মো. লিটন, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. মহিদুল ইসলাম, সহসভাপতি মো. মুন্টু, মো. আতিক, মো. গোলাপ, মো. বাবু ও মো. ভিক্ষুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী শবনম মোস্তারী রশ্মি, সাধারণ সম্পাদক সোহানা ও মোছা. হালিমা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শুধু গাছ লাগালেই হবে না, নিয়মিত পরিচর্যার মাধ্যমে সেগুলো বাঁচিয়ে রাখতেও সবাইকে দায়িত্বশীল হতে হবে।
শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।