রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ রাত ০৬:৫৭:৪৩
বগুড়ায় ৪ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩
বগুড়ায় পুলিশের অভিযানে ৪ হাজার পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৪টা ৫৫ মিনিটে বগুড়া শহরের একটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বগুড়া সদর উপজেলার ফুলবাড়ী মধ্যপাড়ার মৃত হানিফ উদ্দিনের ছেলে মিনার রহমান (৩৩) ও মিশু হোসেন প্রান্ত (২৬) এবং শহরের মধ্য বৃন্দাবনপাড়ার সেকান্দার আলীর ছেলে রাফিউল ইসলাম (২৯)।
বগুড়া সদর থানার এসআই মো. মেহেদী হাসানের নেতৃত্বে এসআই মো. রাজীব হোসেনসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মিনার রহমানের কাছ থেকে ৩ হাজার ৫০০ পিস, মিশু হোসেন প্রান্তের কাছ থেকে ৪০০ পিস এবং রাফিউল ইসলামের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ট্যাবলেটের মোট ওজন ১ হাজার ৮০ গ্রাম।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় মাদকসেবীদের কাছে বিক্রি করে আসছিলেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।