নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬ রাত ০৯:৪৮:০৭
জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ অংশগ্রহণ শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইট আন্তালিয়া বিমানবন্দর থেকে ইস্তাম্বুলের উদ্দেশে ছেড়ে যায়।
আন্তালিয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদায় জানান তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও জ্যেষ্ঠ রাষ্ট্রদূত সুবুতাই ইউকসেল।
ইস্তাম্বুল বিমানবন্দরে যাত্রাবিরতি শেষে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের অপর একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
পরে আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৬টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এসব তথ্য নিশ্চিত করেছেন।
সবশেষ তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান ইস্তাম্বুল বিমানবন্দরে পৌঁছেন।
এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় এসে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এ অংশ নেন।
জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণ নয় অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও সৌজন্য সাক্ষাৎ করেন।
এ ছাড়া সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি। সম্মেলনের গ্রিন জোনে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যও ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এ সফরে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, জলবায়ু অর্থায়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।