রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:১৮:১৮
বগুড়ায় শ্বশুরবাড়িতে জামাইকে কুপিয়ে হত্যা, আটক ৪
বগুড়ায় শ্বশুরবাড়িতে এসে বকুল নামে এক ব্যক্তি হত্যার শিকার হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে শ্বশুরের হাসুয়ার আঘাতে তিনি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বগুড়া সদর উপজেলার বারোপুরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী পারভিন আক্তার জানান, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাঁর স্বামীর সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের প্রায়ই কথা-কাটাকাটি হতো। বুধবার বিকেলে বকুল শ্বশুরবাড়িতে এলে পারিবারিক বিষয় নিয়ে আবারও কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁর বাবা হাসুয়া দিয়ে বকুলের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে দাবি করেন পারভিন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত শেষে হত্যাকাণ্ডের সঙ্গে প্রকৃতপক্ষে কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানানো হবে।