পাঁচ বছরে আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬ সকাল ১১:৫৩:২০
জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০৩ সদস্যের কমিটি ঘোষণা
দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি এবং পাঁচ বছরের মধ্যে প্রযুক্তিপণ্য ও সেবার রপ্তানি আয় ১০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার লক্ষ্য নিয়ে ১০৩ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম (এনআইসিটিএফ)।
বুধবার (২১ অক্টোবর) সংগঠনটির সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সভাপতি হয়েছেন প্রকৌশলী রাফায়েল কবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রকৌশলী মো. মামুন অর রশিদ।
ফোরামের আট সদস্যের উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে অধ্যাপক এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টা কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. মারুফ মাল্লিক এবং সংসদ সদস্য প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন বকুল।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে অভিজ্ঞ পেশাজীবীদের সমন্বয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
ফোরামের উপদেষ্টা কমিটির সদস্য ড. মারুফ মাল্লিক বলেন, দেশের আইসিটি খাতকে ফ্যাসিবাদী প্রভাবমুক্ত করে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তুলতে কাজ করবে সংগঠনটি। আগামী পাঁচ বছরে ১০ বিলিয়ন ডলারের প্রযুক্তিপণ্য ও সেবার রপ্তানি শিল্প গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, বৈশ্বিক বাজারে টিকে থাকতে প্রযুক্তি খাতে প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি জরুরি।
ফোরামটি সফটওয়্যার, তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা ও প্রযুক্তিভিত্তিক পণ্য রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ আকর্ষণ এবং বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে কাজ করতে চায়। এ জন্য সেবার মান উন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় প্রতিষ্ঠানের সুযোগ সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হবে।
নবনিযুক্ত সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মামুন অর রশিদ বলেন, আইসিটি খাতের রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করতে রপ্তানিমুখী প্রযুক্তি ব্যবসার প্রবৃদ্ধি, গবেষণা ও উন্নয়নে বিনিয়োগ এবং ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন। পাশাপাশি আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংযোগ জোরদার করতে হবে।
তিনি আরও বলেন, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে সহায়ক নীতিগত পরিবেশ তৈরি এবং বৈশ্বিক প্রযুক্তি বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ে তোলা জরুরি।
ফোরাম জানিয়েছে, ঘোষিত লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকার নির্ধারণ, পেশাজীবীদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে।
তবে পাঁচ বছরে রপ্তানি আয় ১০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে দক্ষ মানবসম্পদ, গবেষণা, বিনিয়োগ, প্রযুক্তিগত অবকাঠামো এবং আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারের ক্ষেত্রে কার্যকর উদ্যোগ ও ধারাবাহিক অগ্রগতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।