নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ রাত ০৭:০৫:২৩
শুরু হয়েছে জাতীয় স্নুকার প্রতিযোগিতা
দেশে কিউ স্পোর্টসের প্রসার ও প্রতিভা বিকাশের লক্ষ্যে ৩৯তম জাতীয় স্নুকার প্রতিযোগিতা শুরু হয়েছে। বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার ফেডারেশন-এর আয়োজনে এবং ঢাকা বোট ক্লাব-এর সহযোগিতায় বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার বোট ক্লাব প্রাঙ্গণে টুর্নামেন্টটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনের আগে একই ভেন্যুতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিস্তারিত তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুবেল আজিজ। বিশেষ অতিথি ছিলেন সরকার মো. শামসুদ্দিন। সম্মেলনে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও নির্বাহী সদস্যরা।
আয়োজকরা জানান, এবারের আসরে দেশের ৩২টি ক্লাবের মোট ১৮৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। অ্যাম্বার গ্রুপের পৃষ্ঠপোষকতা এবং এমিনেন্স সোর্সিং ও রশিদ গ্রুপের সহ-পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। বেভারেজ পার্টনার হিসেবে রয়েছে আরসি কোলা ও মিনারেল ওয়াটার ব্র্যান্ড মাম, আর মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ইমপ্যাক্ট পিআর।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন পাবেন নগদ ১ লাখ টাকা এবং রানার্স আপ ৫০ হাজার টাকা। সেমিফাইনালে ওঠা প্রতিযোগীরা পাবেন ২০ হাজার টাকা করে। এছাড়া ৫০ বা তার বেশি ব্রেক করা খেলোয়াড়দের জন্যও রয়েছে বিশেষ পুরস্কার।
সংবাদ সম্মেলনে রুবেল আজিজ বলেন, নিয়মিত এ ধরনের আয়োজন কিউ স্পোর্টসকে দেশে আরও জনপ্রিয় করে তুলবে এবং নতুন প্রতিভাদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে। তবে স্নুকার টেবিল আমদানিতে উচ্চ ভ্যাটের বিষয়টি খেলাটির বিস্তারে বাধা সৃষ্টি করছে বলেও তিনি উল্লেখ করেন।
অন্যদিকে সরকার মো. শামসুদ্দিন বলেন, আন্তর্জাতিক পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করার জন্য দক্ষ খেলোয়াড় তৈরিই এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম বলেন, এবারের প্রতিযোগিতায় ব্যাপক অংশগ্রহণ দেশের স্নুকারের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রতিফলন এবং এটি নতুন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, দেশের বিভিন্ন স্বনামধন্য ক্লাব ও স্নুকার একাডেমির অংশগ্রহণে জমজমাট এই প্রতিযোগিতা আগামী দিনগুলোতে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।