নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০১:৪৩:১৩
জীবনের প্রথম ভোট দিলাম, ভোট ভালোই হচ্ছে: তামিম ইকবাল
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ৩৬ বছর বয়সে এসে দিয়েছেন জীবনের প্রথম ভোট। নির্বিঘ্ন ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়ে খুব খুশি তিনি।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি চট্টগ্রাম–৯ আসনের আঞ্চলিক লোক প্রশাসন
কেন্দ্রের ১৯ নম্বর ভোটকক্ষে ভোট দেন।
এ সময় তামিম বলেন, ‘জীবনের প্রথম ভোট দিলাম। ভোট ভালোই
হচ্ছে। পছন্দের প্রার্থীকে একটি ভোটই দিয়েছি।’
ভোটকেন্দ্রে প্রবেশের সময় সেনাবাহিনীর প্রটোকল ছিল তামিমের
সঙ্গে। শান্ত পরিবেশে ভোট দেওয়ার অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি বলেন, ভোটের পরিবেশ সুস্থ।
সবাই নির্বিঘ্নে ভোট দিতে পারবেন বলেও প্রত্যাশা তামিমের। ভোট কেন্দ্রে তামিমকে দেখতে
ভিড় করেন স্থানীয় ভোটার ও তরুণরা। অনেকেই তার সঙ্গে মোবাইলে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সকাল থেকেই
এ কেন্দ্রসহ বিভিন্ন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট চলছে। কোতোয়ালী, চান্দগাঁও, ডবলমুরিং
এলাকা নিয়ে চট্টগ্রাম-৯ আসন গঠিত।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৬ হাজার ৩৬৩ জন। এরমধ্যে পুরুষ
ভোটার ২ লাখ ১৩ হাজার ৯০৬ এবং নারী ভোটার ২ লাখ ২ হাজার ৪৪৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার
আছেন ৯ জন।
চট্টগ্রাম-৯ আসনে নির্বাচন করছেন ৯ জন প্রার্থী। তারা
হচ্ছেন– বাংলাদেশ জাতীয়তাবাদী দলের
মোহাম্মদ আবু সুফিয়ান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডা. একেএম ফজলুল হক, জাতীয় সমাজতান্ত্রিক
দলের আবদুল মোমেন চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুস শুক্কুর, ইসলামী ফ্রন্ট
বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ, নাগরিক ঐক্য’র মো. নুরুল আবছার মজুমদার, বাংলাদেশ সমাজতান্ত্রিক
দলের মো. শফি উদ্দিন কবির, জনতার দল–এর মো. হায়দার আলী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের
মোহাম্মদ নঈম উদ্দিন, গণসংহতি আন্দোলনের সৈয়দ মোহাম্মদ হাসান মারুফ নির্বাচন করছেন।