রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ রাত ০৮:৪২:০৬
গালিবের মায়ের চাকরির আশ্বাস, অভিযুক্ত যুবদল নেতাকে বহিষ্কারের নির্দেশ
বগুড়ায় স্কুলছাত্র মনিরুল ইসলাম গালিব (১৫) হত্যার ঘটনায় তাঁর মায়ের কর্মসংস্থানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। একই সঙ্গে হত্যাকাণ্ডে অভিযুক্ত যুবদল নেতাকে দল থেকে বহিষ্কারের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) দুপুরে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের সামনে গালিব হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এ সময় প্রশাসক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বিভিন্ন দাবির বিষয়ে আশ্বাস দেন।
প্রশাসক এম আর ইসলাম স্বাধীন জানান, গালিবের মা আবেদন করলে এক সপ্তাহের মধ্যে সিটি করপোরেশনের পক্ষ থেকে তাঁর চাকরির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, গালিব তাঁর মায়ের একমাত্র সন্তান। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশে দাঁড়ানো প্রয়োজন।
এ ছাড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিদের একজন যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করে তাঁকে দল থেকে বহিষ্কারের জন্য নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান প্রশাসক।
এ সময় তিনি জানান, ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর সন্ধ্যায় বগুড়া শহরের খান্দার এলাকায় ধূমপানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৫০০ টাকা দাবি করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে মনিরুল ইসলাম গালিবকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ২০ নভেম্বর তার মৃত্যু হয়।
গালিব বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা। পরে প্রশাসকের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নেন।