নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০১:৪৮
মাঠে ফেরার দিনই আর্জেন্টাইন তারকার ফের চোট
২০২৬ বিশ্বকাপ মাঠে গড়াতে আর দুই মাস বাকি আছে। আগামী ১১ জুন পর্দা উঠবে ‘গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ’ খ্যাত বিশ্বকাপের। তার আগেই দুঃসংবাদ পেল আর্জেন্টিনা শিবির। দীর্ঘ ছয় সপ্তাহ পর মাঠে ফিরে, ফের আবারও চোটে ছিটকে গেছেন আলবিসেলেস্তেদের তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।
ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলা লাউতারো মাংসপেশির চোটের কারণে দীর্ঘ ছয় সপ্তাহ মাঠের বাইরে ছিলেন। চোট কাটিয়ে গত রোববার মাঠে ফিরেছিলেন তিনি। মাঠে ফিরেই জোড়া গোলে দলকে জয় এনে দিয়েছিলেন। কিন্তু ম্যাচ শেষে ফেরার সেই আনন্দ বিষন্নতায় পরিণত হয়েছে।
ম্যাচ চলাকালীনই বাঁ পায়ে অস্বস্তি অনুভব করায় ম্যাচের ৬০তম মিনিটে লাউতারোকে তুলে নেন কোচ। পরে ডাগআউটে তার পায়ে বরফ দিয়ে রাখা অবস্থায় দেখা যায়। পরীক্ষার পর জানা গেছে, চোটটি আবার মাথাচাড়া দিয়ে ওঠেছে।
শুক্রবার (১০ এপ্রিল) ইন্টার মিলান এক বিবৃতিতে জানিয়েছে, আবারও হাটুর নিচের মাংসপেশিতে চোট পেয়েছেন লাউতারো। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, আপাতত আগামী কয়েকদিন তার অবস্থা পর্যবেক্ষণ করা হবে। তবে, ইতালিয়ান গণমাধ্যমগুলো বলছে– নতুন করে পাওয়া চোটে আবারও ২ সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন এই আলবিসেলেস্তে তারকা।
ইতালিয়ান লিগে ইন্টার মিলান বর্তমানে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। লিগের চার নম্বরে থাকা কোমোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে লাউতারোকে পাচ্ছে না দলটি।
তবে ইন্টারের চেয়েও বেশি দুশ্চিন্তা এখন আর্জেন্টিনা জাতীয় দলের। আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। এর মধ্যে দলের অন্যতম প্রধান স্ট্রাইকারের বারবার চোট পাওয়াটা কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় বড় ধাক্কা দিতে পারে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, চোট ছাড়াও লাউতারোর সাম্প্রতিক ফিটনেস নিয়েও কিছুটা দুশ্চিন্তা রয়েছে। সম্প্রতি এসিএল ইনজুরিতে জোয়াকিন পানিচেল্লির প্রথম বিশ্বকাপের স্বপ্ন শেষ হয়ে গেছে। লাউতারোর চোট তাই আরও বড় ভাবনায় ফেলতে পারে স্কালোনিকে।