হানিফ উদ্দিন সাকিব, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৬ রাত ০৬:২৪:৪০
শিক্ষক সংকট ও প্রশাসনিক স্থবিরতায় বিপর্যস্ত হাতিয়া সরকারি কলেজ
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার অন্যতম ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান দ্বীপ সরকারি কলেজে চরম শিক্ষক সংকট ও প্রশাসনিক শূন্যতায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রয়োজনের তুলনায় অর্ধেকেরও কম শিক্ষক দিয়ে কোনোমতে চলছে পাঠদান। দীর্ঘদিন ধরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও আইসিটি শিক্ষকের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রমেও দেখা দিয়েছে স্থবিরতা।
১৯৭৯ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি দীর্ঘদিন ধরে হাতিয়ার সাধারণ ও নিম্নআয়ের পরিবারের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অন্যতম ভরসা হিসেবে পরিচিত। দ্বীপাঞ্চলের শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা প্রতিষ্ঠানটি থেকে অতীতে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। তবে শিক্ষক সংকট ও প্রশাসনিক জটিলতায় বর্তমানে প্রতিষ্ঠানটির শিক্ষার পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।
কলেজ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ৪৯টি গেজেটভুক্ত পদের বিপরীতে বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র ১৭ জন শিক্ষক। এর মধ্যে ২৪টি প্রভাষক পদের বিপরীতে রয়েছেন ১৬ জন এবং ১৫টি সহকারী অধ্যাপক পদের বিপরীতে দায়িত্ব পালন করছেন মাত্র দুজন। বাকি পদগুলো দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। ফলে নিয়মিত পাঠদান ও শিক্ষা কার্যক্রম
পরিচালনায় হিমশিম খেতে হচ্ছে শিক্ষকদের।
বিশেষ করে বাংলা, ইংরেজি ও গণিতের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষক সংকট প্রকট। পর্যাপ্ত বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস নেওয়া এবং নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করা কঠিন হয়ে পড়েছে। কোনো কোনো ক্ষেত্রে একজন শিক্ষককে পাঠদানের পাশাপাশি পরীক্ষা-সংক্রান্ত ও অন্যান্য প্রশাসনিক দায়িত্বও পালন করতে হচ্ছে।
এদিকে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও আইসিটি শিক্ষকের পদ শূন্য থাকায় কলেজটির প্রশাসনিক কার্যক্রমেও জটিলতা তৈরি হয়েছে। ভারপ্রাপ্ত দায়িত্বের মাধ্যমে প্রতিষ্ঠান পরিচালিত হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন ব্যাহত হচ্ছে বলে সংশ্লিষ্টদের অভিমত।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত ক্লাস না হওয়ায় পাঠ্যবিষয়ের গুরুত্বপূর্ণ অংশগুলো যথাযথভাবে আয়ত্ত করা সম্ভব হচ্ছে না। বিশেষ করে বাংলা, ইংরেজি ও গণিতের মতো মৌলিক বিষয়ে পর্যাপ্ত পাঠদান না হওয়ায় তাদের একাডেমিক ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ না হওয়ায় পরীক্ষার আগে বাড়তি চাপের মুখে পড়তে হচ্ছে তাদের।
কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত সহকারী অধ্যাপক কামরুল হাসান রানা জানান, কোনো কোনো শ্রেণিতে তিন শতাধিক শিক্ষার্থী ভর্তি থাকলেও নিয়মিত ক্লাসে উপস্থিত হয় মাত্র ৩০ থেকে ৪০ জন। অনেক শিক্ষার্থী নিয়মিত ক্লাস না করে সরাসরি ফরম পূরণ করে চূড়ান্ত পরীক্ষায় অংশ নেয়। নিয়মিত পাঠদান ও বিষয়ভিত্তিক শিক্ষকের অভাবে শিক্ষার্থীদের একটি অংশ ব্যক্তিগত কোচিং ও প্রাইভেটের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। এতে দ্বীপাঞ্চলের দরিদ্র ও সাধারণ পরিবারের শিক্ষার্থীরা আর্থিকভাবে বাড়তি চাপে পড়ছেন।
তিনি আরও বলেন, "স্থায়ী অধ্যক্ষ ও উপাধ্যক্ষ না থাকায় প্রশাসনিক স্থবিরতা কিছুতেই কাটছে না। শিক্ষক সংকটের কারণে নিয়মিত পাঠদান পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্টদের মতে, হাতিয়ার মতো বিচ্ছিন্ন দ্বীপাঞ্চলে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে দ্বীপ সরকারি কলেজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ, অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ এবং প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি।
এ অবস্থায় কলেজটির শিক্ষক সংকট নিরসন ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে শিক্ষা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহল।