স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১৪:৪০
নেইমারকে বিশ্বকাপ দলে রাখতে পরামর্শ ব্রাজিল প্রেসিডেন্টের
শঙ্কা মাড়িয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। মাস দুয়েকেরও কম বাকি আছে বিশ্বকাপের। এখন আবার ব্রাজিলের বিশ্বকাপ নিয়ে চলছে ভিন্ন আলোচনা। চোটের কারণে দীর্ঘ সময় ধরে জাতীয় দলের বাইরে থাকা নেইমার জুনিয়রের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে চলছে আলোচনা। সেটি গড়িয়েছে দেশটির প্রেসিডেন্ট পর্যন্ত।
ভঙ্গুর দশার মধ্যে থাকা ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে আবারও নিজেদের চেনা ছন্দে ফেরার পথে ব্রাজিল। আনচেলত্তির সর্বশেষ দল ঘোষণার সময় একটি প্রশ্ন থাকত নিয়মিতই। নেইমারকে নিয়ে তার ভাবনা কী? ইতালিয়ান এই মাস্টারমাইন্ড সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে দলে জায়গা পেতে হলে পূর্ণ ফিট থাকতে হবে।
বারবার চোটের কবলে পড়লেও বর্তমানে বেশ ভালোই ছন্দে আছেন নেইমার। সম্প্রতি সান্তোসের ম্যাচগুলোতে আগের চেয়ে প্রাণবন্ত দেখাচ্ছে নেইমারকে। ফলে ব্রাজিলের জার্সিতে সর্বোচ্চ গোলদাতার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে তাই আলোচনাটা আরও জোরালো হয়েছে। অনেকের মতে, নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে নেওয়া উচিত।
সম্প্রতি ইউটিউবে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানিয়েছেন, নেইমারকে বিশ্বকাপের স্কোয়াডে রাখার বিষয়ে আনচেলত্তি তিনি সঙ্গে কথা বলেছেন। এমনটিই জানিয়েছে ফার্স্টপোস্ট।
ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুসারে ইউটিউবে দেওয়া এক বক্তব্যে লুলা বলেন– ‘আমার আনচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল এবং তিনি আমাকে জিজ্ঞেসা করেছিলেন, ‘আপনার কি মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?’
আনচেলত্তির সেই প্রশ্নের উত্তরে লুলা বলেছেন, ‘সে (নেইমার) যদি শারীরিকভাবে ফিট থাকে, তাকে ডাকা উচিত। কারণ, সে খেলার মধ্যেই আছে। আমি যেটা জানতে চাই তা হলো, সে আসলে নিজে থেকে এটি কতটা (বিশ্বকাপ খেলতে) চায়। যদি সে চায়, ক্রিস্টিয়ানো রোনালদো বা মেসির মতো খেলোয়াড়দের অনুসরণ করতে পারে এবং এখনও জাতীয় দলে খেলতে পারে, কারণ তার বয়স খুব বেশি হয়ে যায়নি।’
গত ১০ বছরে ব্রাজিল দলের সেরা খেলোয়াড় নেইমার। ব্রাজিলের জার্সিতে সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও তিনি। তবে লুলা স্পষ্ট করে আনচেলত্তিকে জানিয়ে দিয়েছেন, শুধু নামের বিচারে নয়, বরং বর্তমান সক্ষমতার বিচারেই নেইমারকে দলে নেওয়া উচিত।
লুলা বলেন, ‘সে শুধু নিজের নামের জোরে দলে যাওয়ার আশা করতে পারে না। তাকে মাঠের পারফরম্যান্স দিয়ে নিজের জায়গা অর্জন করে নিতে হবে।’
নেইমার অবশ্য নিজেও জানিয়েছেন, পূর্ণ ফিট হওয়ার জন্য কতটা আগ্রহী তিনি। বিশ্বকাপের আগে নিজেকে পরিপূর্ণ ফিট হিসেবে প্রস্তুত করতে আবারও হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তার ক্লাব সান্তোসও সর্বোচ্চ চেষ্টা করছেন তাকে ফিট রাখতে।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল ‘সি’ গ্রুপে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের মুখোমুখি হবে। আগামী ১৪ জুন থেকে যুক্তরাষ্ট্রে তাদের গ্রুপপর্বের ম্যাচগুলো শুরু হবে।