এম. মেহেদুল খাঁন (সৌদি আরব প্রতিনিধি):
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ রাত ০৬:২৫:১০
সৌদি আরবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত
রিয়াদ-এ অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন দিবসটির কর্মসূচির সূচনা করেন। পরে তিনি দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে অস্থায়ী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় রিয়াদে অবস্থানরত বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনও স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
দিবসটি উপলক্ষে দূতাবাসের মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
আলোচনা সভায় দিবসটির তাৎপর্যের ওপর বক্তব্য রাখেন রিয়াদে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্য মামুনুর রশিদ ও ডাঃ গোলাম হাসনাইন সোহান। পরিশেষে রাষ্ট্রদূত তাঁর বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জনে আত্মত্যাগকারী বীর শহীদ, সম্ভ্রম হারানো মা-বোন এবং অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের সময় বিশ্ববাসীর কাছে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরা এবং দেশের পক্ষে আন্তর্জাতিক জনমত গঠনে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেন।
এছাড়া তিনি প্রবাসী বাংলাদেশি কর্মীদের দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার মাধ্যমে বিদেশে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ওপর গুরুত্বারোপ করেন এবং সকলকে মহান স্বাধীনতার চেতনাকে ধারণ করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি সৌদি প্রবাসীদের সতর্ক থাকার এবং স্থানীয় আইন-কানুন মেনে চলার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পর্শকাতর তথ্য আদান-প্রদান থেকে বিরত থাকার পরামর্শ দেন।
অনুষ্ঠানের শেষে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদের আত্মার শান্তি এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।