এম. মেহেদুল খাঁন, সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৬:১৭
মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে রিয়াদ বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ ও প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) দূতাবাসের এক অতিজরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান পরিস্থিতি-সংক্রান্ত কোনো ধরনের তথ্য, ছবি বা ভিডিও ধারণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা সৌদি আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
এ ছাড়া ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি, ভিডিও বা তথ্য প্রচার না করার পাশাপাশি মোবাইলে এসব কনটেন্ট সংরক্ষণ এবং পারস্পরিক আদান-প্রদান থেকেও সম্পূর্ণ বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিরা যেন ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলেন। একই সঙ্গে প্রয়োজন ছাড়া বাইরে চলাফেরা না করে সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। শ্রমসংক্রান্ত বিষয়ে
৮০০১০০০১২৫ ; পাসপোর্টসংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৬ ; এবং ডিপ্লোম্যাটিক উইং-সংক্রান্ত বিষয়ে ৮০০১০০০১২৪ ; নম্বরে যোগাযোগ করা যাবে।
এ ছাড়া মৃত্যুসংক্রান্ত জরুরি প্রয়োজনে দূতাবাসের নির্ধারিত হটলাইন নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।