এম এ আলিম, দক্ষিন কোরিয়া প্রতিনিধি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬ রাত ১০:৫৭:৪৫
দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিক নির্যাতন
দক্ষিণ কোরিয়ার ইনছনে অবস্থিত একটি টেক্সটাইল কারখানায় কর্মরত এক অভিবাসী শ্রমিকের ওপর নৃশংস নির্যাতনের অভিযোগ উঠেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কারখানার এক ব্যবস্থাপক—যিনি মালিকের ছেলে বলে জানা গেছে—অন্যান্য কর্মীদের সামনে ওই শ্রমিককে চড় মারছেন এবং চুল ধরে টেনে হেনস্তা করছেন।
অভিযোগ অনুযায়ী, আগের রাতে ফোন কল রিসিভ না করাকে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে ওই ব্যবস্থাপক শ্রমিকটির বাসায় গিয়ে তার ব্যক্তিগত জিনিসপত্র ভাঙচুর করেন এবং বইপত্র ছিঁড়ে ফেলেন বলেও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী শ্রমিক জানান, তিনি দীর্ঘদিন ধরেই ওই ব্যবস্থাপকের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আসছেন। ঘটনার পর স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত ব্যবস্থাপকের বিরুদ্ধে মারধরের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ঘটনা দক্ষিণ কোরিয়ায় অভিবাসী শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মানবাধিকার সংগঠনগুলো দ্রুত দোষীদের শাস্তি নিশ্চিত ও শ্রমিকদের সুরক্ষা জোরদারের দাবি জানিয়েছে।