নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৫৬:১৮
পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়: ব্যারিস্টার ফুয়াদ
পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা কোনো বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা নয়; এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব, ভূরাজনীতি ও জাতীয় ঐক্যের প্রশ্ন গভীরভাবে জড়িত। দীর্ঘদিনের ভূমি বিরোধ, রাজনৈতিক অবহেলা, শান্তিচুক্তির সীমাবদ্ধতা এবং আঞ্চলিক ভূরাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট ক্রমেই জটিল হচ্ছে। এ সংকটের সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ, কার্যকর রাষ্ট্রীয় উপস্থিতি, অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্ব এবং জাতীয় ঐকমত্য জরুরি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
এবি পার্টির সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
আলোচনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (FSDS) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, নিরাপত্তা ও রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও লেখক আবু রুশদ, বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান, পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ, জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান, এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান।
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত কিংবা দেশের অন্যান্য স্থানে সৃষ্ট অস্থিরতাকে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই।পাহাড় থেকে গার্মেন্টস, গোপালগঞ্জ সব অস্থিরতার শিকড় এক জায়গায়।এসব ঘটনার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে। তিনি বলেন, এসব অস্থিরতার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের প্রশ্নও খতিয়ে দেখা প্রয়োজন। আওয়ামী লীগ বাংলাদেশের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিল। জাতীয় সার্বভৌমত্বের প্রশ্নে পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হলেও বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার বাংলাদেশের জনগণের রয়েছে। বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না। পার্বত্য চট্টগ্রামের সংকটকে জাতীয় নিরাপত্তার গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে বিবেচনা করতে হবে। এ অঞ্চলের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের অভিন্ন জাতীয় পরিচয় ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে হবে।
মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলেই কিংবা ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন তৈরি হলেই পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে,এ বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করা প্রয়োজন। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ধরনের আপসের সুযোগ নেই। বাংলাদেশের স্বার্থে আঘাত এলে রাষ্ট্রকেও দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে হবে।
তিনি বলেন, রাজনৈতিক দলগুলো পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানে যথেষ্ট আন্তরিকতা ও কার্যকর উদ্যোগ দেখাতে পারেনি। শুধু বক্তব্য কিংবা আনুষ্ঠানিক কর্মসূচি দিয়ে এ সংকটের সমাধান হবে না। পাহাড়ের জনগোষ্ঠীকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করতে হবে। তিনি প্রশ্ন রাখেন, রাজনৈতিক দলগুলো কি সত্যিকার অর্থে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, নাকি বিদেশি স্বার্থকে? পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রের কার্যকর উপস্থিতি, নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি সেখানকার জনগণের আস্থা অর্জন করতে হবে। পাহাড়ের মানুষকে বাংলাদেশের নাগরিক হিসেবে অভিন্ন জাতীয় পরিচয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের পার্বত্য চট্টগ্রাম নিয়ে আগ্রহ ও কার্যক্রম অত্যন্ত সীমিত। এ ক্ষেত্রে এবি পার্টি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। পাহাড়ের সমস্যা বুঝতে হলে রাজনৈতিক দলগুলোকে সেখানে নিয়মিত যেতে হবে এবং স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হতে হবে।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট একদিনে তৈরি হয়নি। ভূমি বিরোধ এ সংকটের অন্যতম প্রধান উৎস। এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থও যুক্ত হয়েছে। পার্বত্য চট্টগ্রামের বাংলাদেশের সঙ্গে অন্তর্ভুক্তি ভারত ঐতিহাসিকভাবে সহজভাবে গ্রহণ করেনি,এ বিষয়টিও আলোচনায় রাখা প্রয়োজন। শান্তিচুক্তি নিয়ে নির্বাচনের আগে পুনর্মূল্যায়নের প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ দেখা যায়নি। তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যাকে শুধু পাহাড়ের সমস্যা হিসেবে দেখলে চলবে না; এটি বাংলাদেশের সামগ্রিক রাষ্ট্রীয় ও জাতীয় নিরাপত্তার প্রশ্ন। পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর আত্মপরিচয় ও সাংবিধানিক অবস্থান নিয়ে বিতর্ককে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।
সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, স্বাধীনতার পর পাহাড়ের জনগোষ্ঠীর পরিচয় ও জাতিগত স্বাতন্ত্র্যের প্রশ্নটি যথাযথ রাজনৈতিক সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা হয়নি। শেখ মুজিবুর রহমানের আমলে পাহাড়িদের বাঙালি পরিচয়ে অন্তর্ভুক্ত করার প্রচেষ্টা ছিল অদূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত। এর ফলে পাহাড়ের জনগোষ্ঠীর মধ্যে ক্ষোভ ও বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট সামরিক সমস্যা নয়, এটি মূলত রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বিবেচনায় নিয়ে সমন্বিত উদ্যোগের মাধ্যমে এর সমাধান করতে হবে। পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কোনো জনগোষ্ঠীর বিরুদ্ধে নির্বিচার দমন-পীড়নের মানসিকতা পরিহার করতে হবে। পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া অনেক সেনাসদস্যের আত্মত্যাগও যথাযথভাবে জাতীয় আলোচনায় আসেনি। জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাহাড়ের জনগণের আস্থা অর্জন করতে হবে।
ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকটকে শুধু সেনাবাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না। এটি মূলত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের বিষয়। শান্তিবাহিনীর কার্যক্রমের সময়ও দেশের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের ভূমিকা ও বাস্তবতা বিবেচনায় নিতে হবে। তিনি বলেন, পাহাড়ে ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক পরিচয় নিশ্চিত করতে কার্যকর এনআইডি ব্যবস্থা চালু করা প্রয়োজন।
তিনি আরও বলেন, পাহাড়ের জনগোষ্ঠীর সংসদে যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে। নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি ভালোবাসা, আস্থা ও সমমর্যাদার ভিত্তিতে সংকটের সমাধান করতে হবে। ভারতসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পাহাড়ের সব নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করাই হওয়া উচিত রাষ্ট্রের লক্ষ্য।
জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান বলেন, বাংলাদেশের মূলধারার রাজনীতিবিদদের বড় একটি অংশ পার্বত্য চট্টগ্রামে যেতে আগ্রহী নন। ফলে পাহাড়ের মানুষের বাস্তব সমস্যা ও সংকট সম্পর্কে জাতীয় পর্যায়ে যথাযথ ধারণা তৈরি হচ্ছে না। তিনি বলেন, জিয়াউর রহমান পাহাড়ের সমস্যা সমাধানে রাজনৈতিক ও প্রশাসনিক উদ্যোগ নিয়েছিলেন। পার্বত্য চট্টগ্রামের সংকটের অন্যতম প্রধান কারণ ভূমির মালিকানা ও ভূমি ব্যবস্থাপনার জটিলতা। স্যাটেলাইট প্রযুক্তির যুগেও সেখানে পূর্ণাঙ্গ ভূমি জরিপ না হওয়া রাষ্ট্রীয় ব্যর্থতার পরিচয়।
তিনি আরও বলেন, আদিবাসী পরিচয়কে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে পাহাড়ের সব জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও সাংবিধানিক অবস্থান নিশ্চিত করা জরুরি। তিন দশকেরও বেশি সময় পার হলেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ পর্যালোচনা হয়নি। পার্বত্য চট্টগ্রামকে জাতীয় রাজনৈতিক আলোচনার কেন্দ্রে নিয়ে আসতে হবে। এ সংকট সমাধানে সরকারকে জাতীয় ঐক্যের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। অথচ স্বাধীনতার পর থেকে রাষ্ট্র পরিচালনায় নানা ব্যর্থতা ও রাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট জিইয়ে রয়েছে। কোনো কোনো রাজনৈতিক নেতৃত্ব ব্যক্তিগত স্বার্থ কিংবা আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের আকাঙ্ক্ষায় জাতীয় স্বার্থকে যথাযথ গুরুত্ব দেয়নি। রাষ্ট্রকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হলে এ ধরনের সংকট একের পর এক তৈরি হয়। পাহাড়ের সমস্যার সমাধানে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ও জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রীয় নীতি প্রয়োজন।
আরো বক্তব্য রাখেন এবি পার্টির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকন, যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন ও সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম বিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ,নারী উন্নয়ন সহ বিষয়ক সম্পাদক শাহিনুর আক্তার শিলা,সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, আব্দুল হালিম নান্নু, মোহসীনুল হক চৌধুরী, সহ শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মনির, প্রবাসী কল্যাণ বিষয়ক সহ সম্পাদক নুরুন্নবী নয়ন, কেন্দ্রীয় কমিটির সদস্য আবু রাইয়ান আশয়ারী রছী,রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী ও যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ।