নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬ দুপুর ০১:১১:২১
ফ্যাসিস্ট নেত্রী ভারতে গৃহবন্দি অবস্থায় আছেন: রাশেদ খাঁন
জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে তার স্বাক্ষর ও লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো চিঠির স্বাক্ষরের মধ্যে কোনো মিল নাই। এখানে ম্যাট্রিক্স চেম্বার্স কর্তৃক স্বাক্ষর জাল করার বিষয়টি স্পষ্ট বোঝা যায়।
তিনি লিখেন, শেখ হাসিনার সাথে সরাসরি ফ্যাসিস্ট আ.লীগের কোনো নেতাও সাক্ষাৎ করতে পারে না। ফ্যাসিস্ট নেত্রীর সাথে সাক্ষাতের কোনো ছবিও কেউ আজ অবধি পোস্ট করে নি। বলা যায়, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ)বন্দি অবস্থায় রয়েছেন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী এরপর লিখেন, স্বাভাবিক অবস্থায় থাকলে তিনি নিজে গিয়েই তো NID & Passport এর আবেদন করতে পারেন। কিন্তু ভারতের সাথে বাংলাদেশের বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুযায়ী ভারত শেখ হাসিনাকে সেই সুযোগ দিতে পারেন না। অর্থাৎ ভারতে (গৃহ)বন্দী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার একমাত্র পথ বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফেরা।
পোস্টের শেষে রাশেদ খাঁন দাবি করেন, পাসপোর্ট ও এনআইডির আবেদনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আ.লীগ পলিটিক্যাল স্ট্যান্টবাজি করছে এবং এভাবে প্রাসঙ্গিক থাকতে চাচ্ছে।
এর আগে, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে একই প্রসঙ্গে আরেকটি পোস্টে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী লিখেন, এবার শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির জন্য লন্ডনভিত্তিক আইনজীবীদের চেম্বার ম্যাট্রিক্স চেম্বার্স নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে চিঠি পাঠিয়েছেন। নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে কর্মরত এক কর্মকর্তার সাথে এ বিষয়ে আমি বিস্তারিত কথা বলেছি। তারা যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন।
পোস্টে তিনি আরও বলেন, শেখ হাসিনা ব্যক্তি একজন, তার স্বাক্ষরও একটিই হবে। এই ধরনের আবেদনের ক্ষেত্রেও এনআইডিতে অতীতে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য কোনো স্বাক্ষর ব্যবহার করা যায় না বা জাল স্বাক্ষর ব্যবহার করে স্বাক্ষর করারও সুযোগ নেই। শেখ হাসিনা অবৈধভাবে প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে সকল নথিতে বাংলা স্বাক্ষর ব্যবহার করেছেন।
সবশেষে রাশেদ খাঁন বলেন, চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়। লন্ডনভিত্তিক ম্যাট্রিক্স চেম্বার্সও শেখ হাসিনার স্বাক্ষর জালিয়াতি করে চিঠি পাঠাতে গিয়ে একই ভুল করেছে! তারা আপার কাছে অন্তত একবার জিজ্ঞেস করে নিতে পারতো যে, আপা স্বাক্ষর বাংলায় না ইংরেজিতে করেন? না কি আপা ইংরেজি ভালো বোঝে না, অথবা ম্যাট্রিক্সের আইনজীবীরা বাংলা ভালো বোঝে না?