নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৪৭:২৫
বিলাসবহুল লং ড্রাইভ না করে আসুন একসঙ্গে ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
সারা দেশে ফ্যাসিবাদ যে জঞ্জাল রেখে গেছে, তা পরিষ্কারে সরকারি দল ও বিরোধী দলনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেছেন, ১৫শ গাড়ি নিয়ে বিলাসবহুল লং ড্রাইভে যাওয়া বাদ দিন আসুন ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করি। সব ধরনের অপরাজনীতি ত্যাগ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যেমন একসঙ্গে লড়াই করেছিলাম।
শনিবার (৩১ অক্টোবর) সকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসার জন্য মোবাইল ফিভার ক্লিনিক সেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে একথা বলেন।
ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ফটোসেশনের রাজনীতি ও জনসভার পথ ছেড়ে বিরোধী দলকে জনসেবায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এমএ মুহিত বলেন, শুধু দুয়েক দিন ভোরবেলা ঝাড়ু হাতে ফটোসেশন করলেই চলবে না; আসুন, দল-মত নির্বিশেষে দেশের ও ফ্যাসিবাদের রেখে যাওয়া সমস্ত জঞ্জাল একসঙ্গে পরিষ্কার করি।
বিরোধী দলের রাজনৈতিক কার্যক্রমের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, আমি দেখতে পাচ্ছি একটি বিরোধী দল আজও সেই জনসভার রাজনীতিতে পড়ে আছেন। তারা আগের মতোই বক্তৃতার রাজনীতি করতে চান, কিন্তু তাদের বক্তৃতা কেউ শুনতে চায় না। প্রধানমন্ত্রী বাংলাদেশে নতুন রাজনীতির সূচনা করেছেন- যেটি জনসভার রাজনীতি নয়, জনসেবার রাজনীতি।
এ সময় মিরপুরের মোবাইল ফিভার ক্লিনিককে শুধু জ্বর পরীক্ষার কেন্দ্র নয় বরং একটি পূর্ণাঙ্গ ছোটখাটো হাসপাতালে রূপান্তর করার কথা উল্লেখ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এখানে সাধারণ ডেঙ্গু পরীক্ষার পাশাপাশি গাইনি, শিশু ও চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষার ডট কর্নার এবং মা-শিশুদের পুষ্টি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করা হয়েছে, যেখান থেকে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাচ্ছেন।