নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১:১৫:০৪
নেতাকে ভালোবেসে বিজয় নিশ্চিতে নির্ঘুম রাত কাটান কামরুল রাজ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিজয় নিশ্চিত করতে নির্ঘুম রাত কাটিয়েছেন যুবনেতা কামরুল ইসলাম রাজ।
গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসনে দলীয় প্রধানের পক্ষে প্রচারণা জোরদার করতে তিনি টানা মাঠে কাজ করেছেন। যখন বিভিন্ন দেশি-বিদেশি মহল ও বিরোধী শক্তি সক্রিয় ছিল বলে দলীয় নেতাকর্মীরা দাবি করছেন, তখন ব্যক্তিগত জীবনযাপন উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম রাজ।
তিনি ঢাকা-১৭ আসনের গুলশান-বনানী-ক্যান্টনমেন্ট-ভাষানটেক থানার নির্বাচন পর্যবেক্ষণ কমিটির যুগ্ম সমন্বয়ক এবং জনসংযোগ ও প্রচার উপকমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবেও দায়িত্ব পালন করেন।
দলীয় সূত্রে জানা যায়, প্রচারণার সময় প্রায় প্রতিদিন গভীর রাত পর্যন্ত তিনি ভোটারদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। অনেক সময় রাত ৪টা কিংবা ফজরের আজান পর্যন্ত প্রচারণা চালিয়েছেন। তার মূল লক্ষ্য ছিল সাধারণ ভোটারদের কাছে তারেক রহমানের রাজনৈতিক দর্শন তুলে ধরা, ভোটার উপস্থিতি বৃদ্ধি করা এবং ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট নিশ্চিত করা।
কামরুল ইসলাম রাজ বলেন, যে নেতা কখনো নিজের স্বার্থকে প্রাধান্য দেননি, বরং জনগণের কল্যাণকে লক্ষ্য করেছেন এবং সত্য বলার সাহস দেখিয়েছেন— তার জন্য শ্রম, সময় ও মেধা উৎসর্গ করতে আমি প্রস্তুত।
নির্বাচনী প্রচারণা প্রসঙ্গে তিনি আরও বলেন, নৈতিকতা, দক্ষতা ও সেবার মাধ্যমে একজন নেতা জাতিকে এগিয়ে নিয়ে যান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও দলের নীতিকে ধারণ করে আমি সবসময় দলের জন্য কাজ করে যাব। আজ আমাদের চেয়ারম্যানের বিজয়ের মাধ্যমে সেই পরিশ্রম সার্থক হয়েছে।