নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ রাত ১০:৩৬:৪১
কাতার, আরব আমিরাতের চেয়ে বেশি সুন্নী মুসলমান রয়েছে ইরানে: রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী বলেছেন, কাতার, আরব আমিরাত ও বাহরাইনের মতো দেশগুলোর মোট জনসংখ্যার চেয়েও বেশি সুন্নি মুসলমান ইরানে বসবাস করেন।
সোমবার (১৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলোচনায় রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী জানান, ইরানে প্রায় দুই কোটি সুন্নি মুসলমান রয়েছেন এবং তিনি নিজেও একজন সুন্নি মুসলমান ও হানাফী মাজহাবের অনুসারী।
ইরানের ইসলামি বিপ্লবের স্থপতি ও বর্তমান নেতাদের প্রতি সুন্নি মুসলমানদের অগাধ ভালোবাসার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ইরানের সুন্নি মুসলমানরাও তাদের নেতাকে মনে-প্রাণে শ্রদ্ধা করেন। বিপ্লবী আদর্শের প্রশ্নে কোনো আপস নেই।
তিনি আরও বলেন, ‘বাহরাইনের শিয়া নেতাদের সাথে ইমাম খামেনি কখনোই সাক্ষাৎ করেননি, কারণ তারা যুক্তরাষ্ট্রের সাথে হাত মিলিয়েছিলেন। অন্যদিকে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে তিনি বুকে টেনে নিয়েছেন।’
ফিলিস্তিন ও মুসলিম বিশ্বের সংকটে ইরান সবসময় মজলুমের পাশে দাঁড়িয়েছে এবং এই সংহতি আগামীতেও অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী।