নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ রাত ০৬:৪৩:০২
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ ও অর্থ সহায়তার বিজ্ঞপ্তিতে সতর্ক থাকার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশনের নাম, লোগো, প্যাড, কর্মকর্তাদের নাম-পদবি ও পরিচয় ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের অর্থ সহায়তার নামে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এ ধরনের প্রতারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
শনিবার (১৫ আগস্ট) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশনের নামে কথিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফি, রেজিস্ট্রেশন ফি, জামানত কিংবা অন্য কোনো নামে অর্থ দাবি করা হচ্ছে। একইভাবে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি বা ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অর্থ সহায়তা, সম্মানী, অনুদান কিংবা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলে ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে অর্থ লেনদেনে প্রলুব্ধ করা হচ্ছে।
ইসলামিক ফাউন্ডেশন স্পষ্ট করে জানিয়েছে, প্রতিষ্ঠানের অনুমোদিত নিয়োগ বিজ্ঞপ্তি ও গুরুত্বপূর্ণ নোটিশ নির্ধারিত সরকারি ও প্রাতিষ্ঠানিক মাধ্যমে প্রকাশ করা হয়। কোনো ব্যক্তির ব্যক্তিগত মোবাইল নম্বর, ব্যাংক হিসাব, বিকাশ, নগদ বা অন্য কোনো ব্যক্তিগত আর্থিক মাধ্যমে অর্থ প্রদান করে ইসলামিক ফাউন্ডেশনের চাকরি, সম্মানী, অনুদান বা আর্থিক সহায়তা পাওয়ার কোনো সুযোগ নেই।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রতারকচক্র অনেক সময় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের নাম, পদবি, ছবি, স্বাক্ষর ও প্রতিষ্ঠানের মনোগ্রাম ব্যবহার করে নিজেদের পরিচয় বিশ্বাসযোগ্য করার চেষ্টা করছে। এমনকি ভুয়া চিঠি, নিয়োগপত্র, আবেদন ফরম ও অর্থ সহায়তার তালিকাও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বিজ্ঞপ্তির স্মারক নম্বর, তারিখ, পদের নাম, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। কোনো ব্যক্তি ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা মেসেজের মাধ্যমে চাকরি দেওয়ার নিশ্চয়তা দিয়ে অর্থ দাবি করলে তাতে সাড়া না দেওয়ার জন্যও অনুরোধ করা হয়েছে।
এদিকে ইমাম, মুয়াজ্জিন, খাদেম ও মসজিদ কমিটির সদস্যদের উদ্দেশে বলা হয়েছে, ইসলামিক ফাউন্ডেশনের নামে কেউ সরকারি সম্মানী, অনুদান, অর্থ সহায়তা, তালিকাভুক্তি কিংবা অন্য কোনো সুবিধা দেওয়ার কথা বলে আগাম অর্থ বা রেজিস্ট্রেশন ফি দাবি করলে তা প্রত্যাখ্যান করতে হবে এবং বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে।
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে পরিচালিত কোনো অনলাইন গ্রুপে জাতীয় পরিচয়পত্রের তথ্য, ব্যাংক হিসাবের তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের PIN, OTP, পাসওয়ার্ড কিংবা অন্য কোনো গোপনীয় তথ্য না দেওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশনের নাম ও পরিচয় ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। প্রতারণার শিকার ব্যক্তি বা সন্দেহজনক কোনো বিজ্ঞপ্তি, পোস্ট, ফোন নম্বর, চিঠি, নিয়োগপত্র কিংবা অর্থ লেনদেনের প্রস্তাব পেলে স্ক্রিনশট, ফোন নম্বর, লেনদেনের তথ্যসহ সংশ্লিষ্ট প্রমাণ সংরক্ষণের আহ্বান জানানো হয়েছে।
প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নিয়োগ, অর্থ সহায়তা বা অনুদানসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বিশ্বাস না করা এবং কোনো অবস্থাতেই অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করার আহ্বান জানানো হয়েছে।