শিবগঞ্জ ও মোকামতলার ৬৫ পূজামণ্ডপে প্রতিমন্ত্রীর অনুদান প্রদান
রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬ দুপুর ১২:২৯:২০
বগুড়ায় প্রতিমন্ত্রীর বিস্ফোরক মন্তব্য: ‘বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়েছে ১১-দলীয় জোট’
বেহেশতের লোভ দেখিয়ে মানুষের ভোট নিয়ে এখন বিরোধী দলের আসনে বসে দায়িত্বহীন আচরণ করছে ১১-দলীয় জোট—এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতির পরিস্থিতিতে বিএনপি জনগণের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। সরকারের বয়স মাত্র ছয় মাস, এরই মধ্যে বিরোধী দলের এক দফা দাবি তোলা হাস্যকর। দেশের স্বার্থে বিরোধী দলকে সরকারকে সহযোগিতা করতে হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ৬৫টি পূজামণ্ডপে নিজস্ব তহবিল থেকে নগদ অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে দুই উপজেলার পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে মীর শাহে আলম বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাঁদের অতি আপনজন। তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে কোনো ভেদাভেদ করে না। গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ তারেক রহমান ও ধানের শীষের প্রতি ভালোবাসার প্রমাণ দিয়েছেন। বিএনপিও প্রমাণ করেছে, তারাও হিন্দু সম্প্রদায়ের মানুষের আপনজন। বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাস করে।
পরে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী বলেন, শারদীয় দুর্গাপূজা সারা দেশে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনে সরকার ও বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে। তাঁদের সামাজিক নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, একসময় একটি রাজনৈতিক দল মনে করত, হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের রাজনৈতিক সম্পদ। কিন্তু গত নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের মানুষ ভোটের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন, তাঁরা কোনো দলের দাসত্ব করেন না। নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অধিকার তাঁদেরও রয়েছে। বিএনপি তাঁদের আত্মার আত্মীয় হিসেবে পাশে থাকতে চায়।
দুর্গাপূজা উপলক্ষে সরকারি উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এবার পূজার ছুটি এক দিন বাড়ানো হয়েছে। সরকারিভাবে প্রতিটি মন্দিরের জন্য ৬০০ কেজি করে চালের ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে হিন্দু নারীদের জন্য শাড়ির ব্যবস্থাও করা হয়েছে। পাশাপাশি বিএনপির নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়িয়েছেন।
মীর শাহে আলম আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে মন্দির পরিদর্শন করবেন এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে উৎসবের আনন্দ ভাগাভাগি করবেন। তাঁর ভাষায়, এটি সব ধর্মের মানুষের প্রতি সরকারের সমান দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
নির্বাচন ও রাজনৈতিক অবস্থান নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচনে বিশ্বাস করে না। দেশের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করে জনগণের কাছে আবার ভোট চাইবে বিএনপি। জনগণ ভোট দিলে সরকার গঠন করবে, আর ভোট না দিলে বিরোধী দলে বসবে। জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় তাঁর দল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) বিষ্ণুপদ পাল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদ হাসান তৌফিক এবং সদস্যসচিব রোকন-উদ-দৌলা রুবেল।