নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:১৮:২৩
রাড্ডা ক্লিনিকের সংস্কারকাজ শুরু, ফিরল আগের সাইনবোর্ড
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের চতুর্থ দিনে এর সংস্কারকাজ শুরু হয়েছে। একই সঙ্গে দখলদারদের লাগানো সাইনবোর্ড সরিয়ে প্রতিষ্ঠানটির নিজস্ব সাইনবোর্ড টাঙানো হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে সংস্কারকাজ ও পরিচ্ছন্নতা কর্মসূচির মধ্যেই খোলা আকাশের নিচেই স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের তত্ত্বাবধানেই এ সংস্কার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ রাজ্জাক। তিনি বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে দ্রুততার সঙ্গে স্বাস্থ্যসেবা পরিচালনার জন্য স্বাস্থ্যকেন্ত্রটি নির্মাণ করা হবে।
এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, হামলার ঘটনার পেছনে কারা জড়িত, তা নিয়ে তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা নেবে সরকার।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে রাজধানীর মিরপুর-১ নম্বর সেকশনে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটে। ক্লিনিক কর্তৃপক্ষের অভিযোগ, হামলার পর তাদের প্রতিষ্ঠানের জায়গায় ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর নামে একটি সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছিল।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া ঘটনার পর শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।