নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৫১:০২
সাত দিন ছুটির পরে অফিস-আদালত খুলছে মঙ্গলবার
পবিত্র ঈদুল ফিতরের সাতদিন ছুটি শেষে ২৪ মার্চ মঙ্গলবার খুলছে সরকারি অফিস, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস-আদালত ও ব্যাংক। যদিও বেসরকারি অনেক অফিস খুলেছে আগেই।
সকাল ৯টায় শুরু হয়ে অফিস-আদালত চলবে বিকেল ৫টা পর্যন্ত। ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে অসংখ্য কর্মজীবী মানুষ ঢাকায় ফিরছেন। ছুটি দীর্ঘ হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশিরভাগই আজকের মধ্যে ঢাকায় পৌঁছাতে শুরু করেছেন। এ জন্য ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে কর্মজীবী মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
তবে ঈদের পর অফিস খোলার পর দুইদিন অফিস হয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের ছুটি। তাই সরকারি-বেসরকারি অনেকে কর্মজীবী ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। ২৬ মার্চের পর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সপ্তাহিক ছুটি। সব মিলিয়ে অনেকে ১৭ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত ছুটি কাটিয়ে অফিসে যোগ দেবেন।
ফলে অফিস আদালত পুরোপুরি কার্যক্রম পুরোদমে শুরু হতে এ সপ্তাহ কেটে যাবে। আগামী সপ্তাহে স্বাভাবিক রূপে ফিরবে রাজধানী। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ সোমবার। সারা দেশে গত শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করা হয়েছে।