নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫৫:০৪
গত এক মাস দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল: বাণিজ্যমন্ত্রী
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সিলেট: সরকার দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছে।
২১ মার্চ শনিবার সিলেট নগরের শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, গত এক মাস দ্রব্যমূল্য স্থিতিশীল ছিল, তা একা কারও কৃতিত্ব নয়। আমাদের ভোক্তারাও শৃঙ্খলার পরিচয় দিয়েছেন।
এ সময় তার সঙ্গে ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
বাণিজ্যমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। গত এক মাস ধরে বাজার স্থিতিশীল ছিল, যা শুধু সরকারের নয় ভোক্তাদের সচেতনতারও ফল।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।
ঈদের জামাতে নির্বিঘ্নে নামাজ আদায় করতে পারা নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এমন পরিবেশে ঈদ উদযাপন করা সত্যিই সৌভাগ্যের বিষয়।
অন্যদিকে প্রবাসীকল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতির মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ঈদ উপলক্ষে মানুষের যাতায়াত, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সার্বিক ব্যবস্থাপনা আগের তুলনায় উন্নত হয়েছে। পাথর-বালু উত্তোলন প্রসঙ্গে তিনি জানান, ঈদের পর এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আলোচনা করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করে সিদ্ধান্ত নেওয়া হবে।
ঈদের জামাত শেষে মন্ত্রীদ্বয় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।