সীমা প্রধান
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৫০:৫৬
দক্ষিণখানে ৫ আগস্টের থানা লুটের অস্ত্র উদ্ধার
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় দক্ষিণখান থানাধীন মুন্সী মার্কেটের খিলপাড়া লাল মাটির উঁচু মাঠের পশ্চিম পাশের ঝোপ থেকে এসব আলামত উদ্ধার করা হয়।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, বিশ্বস্ত সূত্রের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে জংধরা ব্যারেলসহ আংশিক ভাঙা একটি শর্টগান উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া শর্টগানটির গায়ে ‘5 IT 207622 Made in Brazil’ লেখা রয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি ৫ আগস্টের পর বিভিন্ন সময়ে থানা থেকে লুট হওয়া পুলিশের ব্যবহৃত অস্ত্রগুলোর একটি।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আজমপুর রেলগেট এলাকার একটি বিশ্বস্ত সূত্র থেকে ওই মাঠের ঝোপে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকার খবর পাওয়া যায়। খবর পেয়ে দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনারের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
তল্লাশির সময় শর্টগানের পাশাপাশি পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হ্যান্ডকাফও উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব আলামত কীভাবে সেখানে পৌঁছেছে এবং কারা এগুলো লুটের সঙ্গে জড়িত ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনায় দক্ষিণখান থানায় জিডি নম্বর-৬১০-এর ভিত্তিতে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে। পরে রাত ৬টা ৫৫ মিনিটে উদ্ধার হওয়া আলামতগুলো থানার মালখানায় জমা দেওয়া হয়।
ডিসি মির্জা তারেক আহমেদ বেগ আরও বলেন, লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি কারা লুট করেছিল এবং পরবর্তীতে কীভাবে তা ওই ঝোপে ফেলে রাখা হয়, সেটিই এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।