নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬ দুপুর ১২:৩৬:০৯
বিপিটিএমএ’র স্থায়ী সম্পদ বৃদ্ধি: ৪৪ বছরে প্রথমবার অফিসের জন্য ২টি ফ্লোর ক্রয়
বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের (বিপিটিএমএ) দীর্ঘ ৪৪ বছরের ইতিহাসে এক নতুন মাইলফলক রচিত হয়েছে। ১৯৮২ সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনের বর্তমান কার্যনির্বাহী কমিটি (২০২৪-২৬) দায়িত্ব গ্রহণের মাত্র ১৮ মাসের মধ্যে সংগঠনের নামে স্থায়ী সম্পদ হিসেবে অফিস ভবনের ৯ম ও ১০ম তলার দুটি ফ্লোর ক্রয় করেছে। সংগঠন প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ পথচলায় পূর্বের কোনো কমিটির পক্ষে যা সম্ভব হয়নি, বর্তমান নেতৃত্বের দূরদর্শী উদ্যোগে সেই অসম্ভব বাস্তবে রূপ নিয়েছে।
গত ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি সভাপতি পারভেজ আলম চুন্নু এবং সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জেবুল এর যৌথ নেতৃত্বে বিপিটিএমএ’র বর্তমান কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব নেওয়ার পর থেকেই সংগঠনের অর্থনৈতিক ভিত্তি মজবুত করা এবং নিজস্ব স্থায়ী সম্পদ গড়ে তোলার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ শুরু করে এই কমিটি। তারই ধারাবাহিকতায় অত্যন্ত সফলতার সাথে বর্তমান অফিস বিল্ডিংয়ের দুটি তলা অ্যাসোসিয়েশনের নিজ নামে ক্রয় করা সম্পন্ন হয়।
সংগঠনের এই ঐতিহাসিক অর্জন ও স্থায়ী সম্পদ নিশ্চিত করার প্রক্রিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন বিপিটিএমএ’র স্থায়ী সম্পদ ক্রয় কমিটির (২০২৪-২৬) আহ্বায়ক ও পরিচালক ইমরান কবির। বিপিটিএমএ নেতৃত্বের পক্ষ থেকে এই সফল বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতাকারী সংশ্লিষ্ট সকল সদস্য, পরিচালনা পর্ষদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি বিশেষ ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।